ন্যাড়া হচ্ছেন নওয়াজউদ্দিন!

গত ১৫ বছর ধরে বৈচিত্র্যময় অনেক চরিত্রেই দর্শকের সামনে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কখনো চরিত্রের প্রয়োজনে রাখতে হয়েছে বড় গোঁফ, কখনো আবার পুরো গোঁফই কামিয়ে ফেলতে হয়েছে তাঁকে। তবে এবারের চরিত্রটি বোধ হয় আগের সবকিছুকেই ছাপিয়ে যাবে। কারণ, চরিত্রের প্রয়োজনে এবার ন্যাড়া হচ্ছেন নওয়াজউদ্দিন।
বরাবরই চরিত্র এবং সে অনুযায়ী তাঁর চেহারা বা ‘লুক’ নিয়ে নিরীক্ষা করতে পছন্দ করেন এ অভিনেতা। নির্মাতা অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবির মূল চরিত্রে অভিনয়ের কথা আছে নওয়াজউদ্দিনের। চরিত্রের খাতিরে তাঁকে অনুরাগের এই নতুন ছবিতে মাথা ন্যাড়া করতে হতে পারে।
ছবির নির্মাতা অনুরাগ এবং অভিনেতা নওয়াজউদ্দিন এ দুজন মিলেই ছবির চরিত্রটিকে এই চেহারায় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিটি নিয়ে অনেকটা সময় ধরে দুজনে মিলে নাকি আলোচনাও করেছেন।
যদিও নতুন এ ছবির নাম এখনো জানা যায়নি তবে কাছের একটি সূত্র জানিয়েছে, ‘সিরিয়াল কিলার’ রমন রাঘবের জীবনের ওপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। খুব শিগগিরই এ ছবির শুটিংও শুরু হতে যাচ্ছে। তাই নওয়াজউদ্দিনকে তাঁর আগের ছবিগুলোর শুটিং এরই মধ্যে শেষ করে ফেলতে হবে।
এখন দেখা যাক, নতুন ছবিতে কেমন দেখায় ন্যাড়া মাথার নওয়াজউদ্দিনকে। টাইমস অফ ইন্ডিয়া।