নয় এ মধুর খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা মনে করেন, নায়ক হওয়াটা দারুণ আরামের একটা কাজ, তাঁরা যেন তুফান ছবি শুরু করার আগে ফারহান আখতারের ডেইলি রুটিনটা একবার অনুসরণ করেন। শুটিং শুরুর আগে টানা আট মাস কঠোর প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন এই বলিউড তারকা। সপ্তাহে ছয় দিন পাঁচ ঘণ্টা করে ট্রেনিং। এখানেই শেষ নয়, ছবির জন্য তাঁকে মোটা দেখানোটা জরুরি ছিল।

ফারহান আখতার

জীবনে তাঁর ওজন কখনো ৭৪ কেজির বেশি বাড়েনি। হওয়া দরকার ৮৬। ওই সময়ে তিন হাজার ক্যালরির বেশি খাবার খেতেন। তারপরও ওজন প্রত্যাশামতো বাড়ছিল না, ৭৯–তে উঠে থেমে ছিল। ওজন ৮৬-তে নিয়ে আসার জন্য তাই অনেক কড়া পদক্ষেপ নিতে হয়েছিল। এই কঠিন কাজে তাঁর পাশে ছিল বক্সিং টিম, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট।

তবে ভক্তদের এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন ফারহান আখতার। ‘আমার শরীর দেখে কেউ যেন অনুকরণ করতে না যায়। ফিটনেস সব সময় ভালো। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক তরুণ সিনেমার হিরো দ্বারা অনুপ্রাণিত হয়ে সে রকম শরীর বানানোর প্রয়াস করেন, যা একদমই ঠিক নয়। শরীরগঠন একটা বিজ্ঞান। কোনো ব্যক্তির শারীরিক গঠন অনুযায়ী কতটা ওয়ার্কআউট করতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, কত পরিমাণ জল খেতে হবে, ডায়েট—এ সবকিছু নির্ধারণ করা হয়। এক্সপার্টের দেখানো পথে আমাদের চলা উচিত। ট্রেনার আর পুষ্টিবিদ আমাদের সঠিকভাবে চালনা করতে পারেন।’

ফারহান। ছবি:ইনস্টাগ্রাম

করোনার কারণে হলে মুক্তি দিতে ব্যর্থ হয়ে ১৬ জুলাই ওটিটিতে মুক্তি পেয়েছে রাকেশ ওমপ্রকাশ মেহরার তুফান। ছবিতে ফারহান আখতার একজন বক্সার।