নয় বছর পর হিন্দি সিনেমায় ভূমিকা

প্রথম ছবিতেই মাত করেছিলেন ভূমিকা চাওলা। ‘তেরে নাম’ নামের সেই ছবিতে নায়ক ছিলেন সালমান খান। শেষ দেখা যায় ‘গান্ধী, মাই ফাদার’ ছবিতে, ২০০৭ সালে। এর মাঝে কেটে গেছে নয়টি বছর। আবার ফিরলেন হিন্দি সিনেমায়, ধোনির বায়োপিক দিয়ে।
সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে ভূমিকা ধোনির বোনের চরিত্রে অভিনয় করেন। ভূমিকা বলেন, তিনি ধোনির বোন জয়ন্তীর সঙ্গে দেখা করেননি। তবে পরিচালক নিরাজ পান্ডের গবেষণাই তাঁকে চরিত্রটি বুঝতে এবং অভিনয় করতে সাহায্য করেছে।
ভূমিকা সংসারী জীবন শুরু করেছেন অনেক আগেই। তাঁর দুই বছরের একটি ছেলে আছে। অভিনয় জীবন সম্পর্কে বলেন, ব্যক্তিগত জীবন তাঁকে অভিনয় থেকে দূরে রাখতে পারেনি।

ভূমিকা বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে হিন্দি ছবিতে অভিনয় করিনি। কিন্তু আমি দক্ষিণের সিনেমাতে কাজ করছিলাম। এমনকি আমার সন্তান জন্মের পরও আমি দক্ষিণের একটি ছবিতে কাজ করেছি। ছবির গল্প পছন্দ হলে আমি করব। দুটি তেলেগু ছবির কাজ হাতে আছে। তার মধ্যে একটি বড় ছবিও রয়েছে।’ এনডিটিভি।