পছন্দের অভিনেতাকে কাছ থেকে দেখার অনুভূতি

অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউডের শাহেনশাহ। যেকোনো বলিউড তারকার স্বপ্ন, জীবনে একবার হলেও এই মহাতারকার সঙ্গে পর্দা ভাগ করা। বলিউড তারকা কার্তিক আরিয়ানের ইচ্ছা তা-ই ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কার্তিক আরিয়ানকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘আঁখে টু’ ছবিতে। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বিগ বির সঙ্গে পর্দা ভাগ করার অভিজ্ঞতা শেয়ার করলেন।
‘আঁখে টু’ ছবিটি ২০০২ সালে মুক্তি পাওয়া ‘আঁখে’ ছবির সিকুয়েল। সেই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, সুস্মিতা সেন, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও আদিত্য পাঞ্চলি। এবার এই ছবির সিকুয়েলে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন কার্তিক আরিয়ান ও সুশান্ত সিং রাজপুত।

হাতে চাঁদ পেলে কেমন অনুভূতি হয়, কে জানে। কার্তিক আরিয়ানকে যখন অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবিতে কাজের প্রস্তাব দেওয়া হয়, তাঁর নাকি হাতে চাঁদ পাওয়ার অনুভূতি হয়েছিল। কাজের অভিজ্ঞতা নিয়ে কার্তিক বলেন, ‘আমার চেয়েও বেশি উচ্ছ্বসিত হয়েছে আমার মা। তিনি সেটে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ মায়ের আর আসা হয়নি।’
কার্তিক আরিয়ান আরও জানান, তিনি নাকি ‘দিওয়ার’ সিনেমার পোস্টারে অমিতাভ বচ্চনের স্বাক্ষর নিয়ে তাঁর ভ্যানিটি ভ্যানে যত্ন করে তুলে রেখেছেন। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে একই ফ্রেমে আমাকে দেখা যাবে, মনে পড়লেই দাঁতগুলো সব বেরিয়ে পড়ছে। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তিনি কয়েক প্রজন্ম ধরে মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। শুটিংয়ের সময় তাঁকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। আমি একবারের জন্যও সেই সুযোগ হাতছাড়া করিনি। আশা করি, ভবিষ্যতে আবারও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ মিলবে।’
অমিতাভ বচ্চন ছাড়াও কার্তিক আরিয়ানের অনুপ্রেরণা শাহরুখ খান আর অক্ষয় কুমার। কেন? কারণ, তাঁরা কার্তিক আরিয়ানের মতো ‘নন-ফিল্মি’ ব্যাকগ্রাউন্ডের। তাই তাঁদের সংগ্রাম আর প্রতিষ্ঠার সঙ্গে নিজের মিল খুঁজে পান কার্তিক আরিয়ান। একবার নাকি কোনো এক রোববার শাহরুখ খানের বান্দ্রার বাড়ির সামনে অন্য ভক্তদের মতোই গিয়েছিলেন কার্তিক আরিয়ান। ভাগ্য ভালো ছিল। ওই দিন দেখা দিয়েছিলেন শাহরুখ খান।

আর সেই ভিড়ের ভেতর থেকে এক পলকের জন্য শাহরুখ খানের সঙ্গে চোখে চোখ পড়েছিল কার্তিক আরিয়ানের। আর শাহরুখ নাকি তাঁকে দেখেই চিনতে পেরেছিলেন। সেই মুহূর্ত এখনো কার্তিকের জীবনের অন্যতম প্রিয় আর স্মরণীয় মুহূর্ত।
‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহরে’, ‘ঝুন্দ’ আর ‘গুলাব সিতাব’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। কার্তিক আরিয়ানকে দেখা যাবে ‘পতি পত্নী অউর ও’ আর ‘আজ কাল’ ছবিতে। অমিতাভ বচ্চন আর কার্তিক আরিয়ানকে একসঙ্গে দেখা যাবে ‘আঁখে টু’ ছবিতে, ২০২০ সালে।