মা হয়েছেন সোহা

তৈমুর আলী খানের পর এবার পতৌদির নবাব পরিবারে এসেছে আরেকজন নতুন অতিথি। আজ শুক্রবার সকালে কন্যাসন্তানের মা হলেন বলিউড তারকা সাইফ আলী খানের বোন সোহা আলী খান। তাঁর স্বামী আরেক বলিউড তারকা কুণাল খেমু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ সোহার অস্ত্রোপচার করা হয়েছে। মা আর মেয়ে দুজনই সুস্থ আছেন।
এদিক কুণাল খেমু টুইটারে লিখেছেন, ‘আজ পবিত্র দিনে আমার মেয়ের জন্ম হয়েছে। ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।’
সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির সন্তান তৈমুরের জন্ম হয়েছে এক বছর আগে। পতৌদির নবাব বংশে নতুন অতিথি আসার খবরে এখন খুশির বন্যা বইছে সোহা আলী খান আর কুণাল খেমুর পরিবারে। দুই পরিবারের পক্ষ থেকেই মিষ্টি বিতরণ করা হচ্ছে।
জানা গেছে, হাসপাতালে সোহার পাশে আছেন তাঁর মা বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও বৌদি আরেক বলিউড তারকা কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ননদকে নানা পরামর্শ দিয়েছেন কারিনা।
অনেক দিন প্রেম করার পর ২০১৫ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন সোহা আলী খান ও কুণাল খেমু। টাইমস অব ইন্ডিয়া।