পত্রলেখাকে না পাঠানো পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকুমার রাও এবং পত্রলেখা
ছবি: পত্রলেখার ইনস্টাগ্রাম থেকে

বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত বলিউডের প্রেমিক যুগল রাজকুমার রাও আর পত্রলেখা। এই সপ্তাহে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। শোনা যাচ্ছে বিয়ের দিনে হবু বউকে ব্যতিক্রমী একটা উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন রাজকুমার।
বলিউডে বিয়ে মানেই হীরা, মুক্তার ছড়াছড়ি। এই বিশেষ দিনে সাধারণত হবু বউকে দামি নেকলেস বা হীরার আংটি উপহার দেন বররা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে চলেছেন রাজকুমার। জানা গেছে, এদিন তিনি পত্রলেখার হাতে তুলে দেবেন একগুচ্ছ পত্র। আসলে প্রেমের ক্ষেত্রে শুরু থেকেই একটু সনাতনী রীতিতে বিশ্বাসী রাজকুমার।

রাজকুমার রাও এবং পত্রলেখা
ছবি: পত্রলেখার ইনস্টাগ্রাম থেকে

মুঠোফোনে টেক্সটের চেয়ে নিজের হাতে চিঠি লিখতে বেশি পছন্দ করেন এই বলিউড তারকা। আর তাই প্রেমের শুরুর দিন থেকে রাজকুমার নিজের হাতে প্রেমপত্র লিখে পত্রলেখাকে দিতেন। শুটিংয়ের কারণে লম্বা সময় পত্রলেখার সঙ্গে তাঁর দেখা হতো না। আর তখন অবসরে প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখতেন রাজকুমার। এর মধ্যে বেশ কিছু চিঠি তিনি পত্রলেখাকে দিয়ে উঠতে পারেননি। সেই সব চিঠি আজও সযত্নে আগলে রেখেছেন রাজকুমার। বিয়ের দিন তিনি পত্রলেখার হাতে সেই সব প্রেম ভরা পত্র বিশেষ উপহার হিসেবে তুলে দেবেন বলে স্থির করেছেন।

রাজকুমার রাও– পত্রলেখা
ছবি: পত্রলেখার ইনস্টাগ্রাম থেকে

শোনা গিয়েছিল রাজস্থানের জয়পুরে রাজকুমার আর পত্রলেখার বিয়ের আয়োজন করা হচ্ছে। কিন্তু টাটকা খবর অনুযায়ী, পাঞ্জাবের চণ্ডীগড় শহরে বিয়ে করতে চলেছেন এই ‘লাভ বার্ড’। আর পত্রলেখার পরিবার শিলং থেকে চণ্ডীগড়ে পৌঁছেও গেছে। তবে করোনার কারণে বিয়েতে খুব একটা জাঁকজমক করতে চাইছেন না তাঁরা।

রাজকুমার রাও আর পত্রলেখা
ছবি: পত্রলেখার ইনস্টাগ্রাম থেকে

আর তাই আমন্ত্রিতের সংখ্যা নেহাতই কম রেখেছেন এই হবু দম্পতি। পরিবারের সদস্য ছাড়া তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এই বিয়েতে হাজির থাকবেন। আর চলচ্চিত্র জগতের কিছু বিশেষ ব্যক্তিকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজকুমার রাও–পত্রলেখা
ছবি: পত্রলেখার ইনস্টাগ্রাম থেকে