পথে হলো দেখা

কাজ থেকে বিরতি নিয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুর। টানা ৪৫ বছর তাঁকে এভাবে বিরতি নিতে দেখা যায়নি। শোনা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও সেটি কেবলই শোনা কথা। ভক্ত-অনুরাগীদের জানিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা করাবেন। নিউইয়র্কের পথে হঠাৎই তাঁকে দেখা হয়ে যায় বন্ধু অনুপম খেরের সঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তাঁরা। নিউইয়র্কের ফুটপাতে হেঁটে বেড়াচ্ছেন দুই বন্ধু অনুপম খের ও ঋষি কাপুর। গতকাল রোববার সন্ধ্যায় টুইটারে ভিডিওটি ছেড়েছেন ঋষি কাপুর। ব্যস্ত জীবন থেকে একটু অবসর নিতে হয়তো সেখানে গেছেন তাঁরা। তবে মূল কাজটা যে স্বাস্থ্য পরীক্ষা, সে কথা সবারই জানা। ভিডিও আপলোড করে ঋষি লিখেছেন, সন্ধ্যায় পুরোনো বন্ধু ও সহকর্মী অনুপমকে নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে, ম্যাডিসন অ্যাভিনিউতে ঘুরছি। একে খের-ফ্রি বলব, নাকি কেয়ার-ফ্রি?’
অনুপম খের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘প্রিয় ঋষি কাপুর! ম্যানহাটনের পথে তোমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ভালো লাগল। তোমার সঙ্গে গল্প করার মজাই আলাদা। মুম্বাই, নিউইয়র্ক, চলচ্চিত্রের জাদু, অবসর—এসব নিয়ে কথা বলতে আনন্দ লেগেছে। দেখা হয়ে ভীষণ ভালো লাগল।’
কিছুদিন আগেই ঋষি তাঁর ভক্তদের জানিয়েছিলেন, ছোট একটা বিরতিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বলেছিলেন, তাঁকে নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না করে তারা। ৪৫ বছর ধরে কাজ করার পর একটা বিরতি নিলেন তিনি। সবার ভালোবাসা আর শুভকামনা নিয়ে তিনি আবারও ফিরবেন।
এর আগে খবর প্রকাশিত হয়, ঋষির ক্যানসার ধরা পড়েছে। সে জন্যই মা কৃষ্ণ রাজ কাপুরের শেষকৃত্যে ছিলেন না তিনি। বড় ভাই রণধীর কাপুর অবশ্য একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ঋষি নিজেই জানে না যে তাঁর কী হয়েছে। সে এখনো পরীক্ষা-নিরীক্ষাই করাইনি, লোকে জানল কীভাবে?
অনুপম খেরকে শিগগির দেখা যাবে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেকান ক্রনিকেল