পরস্পরকে এড়িয়ে চলছেন সালমান-রণবীর

সালমান খানের সঙ্গে রণবীর কাপুরের দিন কয়েকের মধ্যে এমন কোনো বচসা হয়নি যে একেবারে মুখ দেখাদেখি বন্ধ করবেন তাঁরা। কিন্তু ঘটনা এমনটিই ঘটেছে। বেশ কিছুদিন হলো এই দুই বলিউডের তারকা অভিনেতা পরস্পরকে এড়িয়ে চলছেন। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে সালমানকে দেখেই অনুষ্ঠানের আসর ছেড়ে বেরিয়ে যান রণবীর কাপুর।
অবশ্য ইদানীং এই দুই তারকার পরস্পরকে এড়িয়ে চলার পেছনের কারণটি সম্পর্কে কমবেশি সবাই একটু আঁচ করতে পারবেন। ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই ‘বিপদের বন্ধু’ সালমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এই অভিনেত্রী। সালমানও বিপদে পড়া ক্যাটরিনাকে বন্ধুর ভালোবাসায় বিভিন্ন ধরনের সহযোগিতা ও সহায়তা করছেন। আর সম্ভবত এ বিষয়টাই রণবীরের গাত্রদাহের কারণ হয়েছে।
কিন্তু সালমান খানের ক্ষেত্রে রণবীরকে এড়িয়ে চলার বিষয়টা কেন ঘটছে? রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার শুরুতেই বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য সালমানের কাছেই ছুটে গিয়েছিলেন ক্যাটরিনা। হয়তো সে সময় রণবীর সম্পর্কে সালমানের কাছে ভালোমন্দ কিছু বলে থাকবেন ক্যাটরিনা। বিষয়টা জেনে সালমানের রাগ হতেই পারে। ‘প্রাণের বন্ধু’ বলে কথা!
যা হোক, যে ঘটনার পর মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলো এই দুই তারকার পরস্পরকে এড়িয়ে চলার খবর ছেপেছে তা হলো— সম্প্রতি এই দুই তারকা গিয়েছিলেন এক বিয়ের অনুষ্ঠানে। সেখানে আগে থেকেই রণবীর কাপুর একজনকে রেখেছিলেন যে অনুষ্ঠানের প্রবেশমুখে দাঁড়িয়ে সালমান খানের আসার খবরটি ইঙ্গিতে রণবীর কাপুরকে জানাবে। অনুষ্ঠানে সালমান খান যে সময় তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঢুকছিলেন, তাঁকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই রণবীরের কাছে খবরটি পৌঁছে যায়। আর এর পরপরই ত্বরিত সেই বিয়ের অনুষ্ঠানস্থলটি ত্যাগ করেন রণবীর।
এর আগেও বেশ কয়েকবারই সালমান অনুষ্ঠানে আছেন জেনে সেখানে যাননি রণবীর কাপুর। টিএনএন।