পরিচালক যখন অভিনয়ে

ক্যামেরার পেছনের মানুষ তিনি। তাই বলে কি ক্যামেরার সামনে আসতে নেই? এ কথা মানতে নারাজ সৃজিত মুখোপাধ্যায়। প্রায়ই বিভিন্ন সিনেমায় দেখা যায় তাঁকে। শিগগিরই আবারও দেখা যাবে তাঁর নিজের ছবিতে।
বেশ কয়েকটি ছবি পরিচালনা করে আলোচনায় এসেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। দর্শকনন্দিত হয়েছে তাঁর ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘জাতিস্মর’, ‘হেমলক সোসাইটি’ ও ‘রাজকাহিনী’ ছবিগুলো। এবার তিনি নির্মাণ করছেন ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’। সেখানেই একটি বিশেষ (কেমিও) চরিত্রে দেখা যাবে সৃজিতকে।
‘বেগমজান’ ছবিতে একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৃজিত। নিজের চরিত্রটি নিয়ে তিনি জানিয়েছেন, যদিও এটি একটি বিশেষ চরিত্র, কিন্তু সেই চরিত্রের কোনো সংলাপ নেই। সম্প্রতি দিল্লির একটি ঐতিহ্যবাহী হোটেলে শুরু হয়েছে ছবিটির শুটিং।
‘বেগমজান’ ছবির মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, গওহর খান ও পল্লবী সারদা। আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলিউড হাঙ্গামা