পরিচালক নিজেই কাটলেন ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভারত’ ছবির দৃশ্যে সালমান খান
‘ভারত’ ছবির দৃশ্যে সালমান খান

শুনতে অবাক লাগলেও এটাই সত্য। চলচ্চিত্র সেন্সর বোর্ড বিনা কর্তনেই ছাড়পত্র দিয়ে দিয়েছে ছবিটির। কিন্তু পরিচালক নিজে কাঁচি চালালেন ছবিতে। একটি-দুটি নয়, একেবারে ২৪ বার কাঁচি চালালেন ছবিটিতে। মানে ২৪টি দৃশ্য বাদ। আর এটি ঘটেছে বলিউডের বহুল প্রত্যাশিত ছবি ‘ভারত’-এ। ছবির পরিচালক আলী আব্বাস জাফর নিজেই ছবি কর্তন করেছেন।

কেন এমন কাণ্ড? এ নিয়ে বেশ আলোচনা চলছে বলিউডে। ইতিমধ্যে গণমাধ্যমেও খবরটি চলে এসেছে। জানা গেল, ছবির শেষ কয়েক মিনিট থেকে এই কাটাকাটি হয়েছে। ছবির পরিচালক আলী আব্বাস জাফর এবং প্রযোজক ও অভিনেতা সালমান খান দুজনে মিলেই কেটেছেন। কারণ তাঁরা মনে করছেন, ছবিটি বেশ লম্বা হয়েছে। যা দর্শকের কাছে বিরক্তের কারণ মনে হতে পারে।

এই সিদ্ধান্ত নেওয়া হয় ছবিটির বিশেষ প্রদর্শনীর পর। কাছের বন্ধু ও পরিবারের মানুষকে ঘরোয়াভাবে দেখানো হয় ছবিটি। প্রদর্শনীর পর ছবির লেখক সালমানের বাবা সেলিম খান পরিচালক আলী আব্বাস জাফরকে ছবির সময় কমানোর জন্য পরামর্শ দেন। ‘ভারত’ ছবিটি ৩ ঘণ্টারও বেশি লম্বা। পরিচালক মনে করেন ছবিটি ব্লকবাস্টার হওয়ার জন্য এটা একটি দুর্বল দিক।

‘ভারত’ ছবির দৃশ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ
‘ভারত’ ছবির দৃশ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সিনেমার কোন অংশ থেকে কাট হয়েছে, কিছু কিছু গণমাধ্যম ও ওয়েব পোর্টালে তার খবর বেরিয়েছে। যেটুকু খবর পাওয়া গেছে তাতে জানা যায়, দুটি গানের কিছু কিছু অংশ কেটে ফেলা হয়েছে। সালমান খান ও সুনীল গ্রোভারের বন্ধুত্বের কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে।

ছবিতে দেখানো হয়েছে ৭০ বছরের একটি যাত্রা। যেখানে দেশ ভারত ও ছবির নায়ক সালমান খানের যুগল যাত্রা দেখানো হবে। ছবিতে সালমানের নাম ‘ভারত’। এত শক্তিশালী গল্প থাকার পরও পরিচালক চান গল্পটিকে আরও আঁটসাঁট করতে। শুধু তা-ই নয়, সালমান খান চান ছবিটির সময় হোক ১৬৫ মিনিট।

‘ভারত’ ছবির গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমে সালমানের সঙ্গে দেখা যাবে একসময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। সিনেমাতেও তাঁদের রোমান্স করতে দেখা যাবে। ‘ভারত’ সিনেমার গল্প সালমান খানকে কেন্দ্র করে। সাতটি আলাদা আলাদা লুকে দেখা যাবে ভাইজানকে। আর সালমানের প্রথম প্রেমিকা হিসেবে পর্দায় থাকবেন দিশা পাটানি। আরও আছেন জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, নোরা ফতেহি, টাবু প্রমুখ। এবার ঈদে মুক্তি পাবে ছবিটি।