পরিচালকের কথায় কষ্ট পেয়েছেন শ্রীদেবী

এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’—দুটি ছবিই একের পর এক রেকর্ড ভেঙে ভারতের সর্বকালের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে। ভারতে ‘বাহুবলী’ নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছিল, তা গত বেশ কয়েক বছরে কোনো সিনেমা নিয়ে হয়নি। স্বাভাবিকভাবেই এই ছবির কলাকুশলীরা এখন সাফল্যের গর্ব করতেই পারেন। কিন্তু ছবিটির নির্মাতার একটি মন্তব্য খুব সহজভাবে নিতে পারেননি অভিনেত্রী শ্রীদেবী।
‘বাহুবলী’-তে প্রভাসের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য শ্রীদেবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা এখন পুরোনো খবর। কিন্তু এই ব্যাপারে রাজামৌলি যা বলেছেন, তাতে আঘাত পেয়েছেন ‘চাঁদনি’ তারকা শ্রীদেবী। আঞ্চলিক একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এস এস রাজামৌলি বলেছিলেন, ‘“বাহুবলী”-র টিমের সৌভাগ্য যে শ্রীদেবী শিভাগামির চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন।’
এ ছাড়া অনেক পত্রপত্রিকায় শ্রীদেবীকে নিয়ে নানা রকম গুজবও ছড়ানো হয় সে সময়। এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘গুজব ছড়িয়েছে আমি “বাহুবলী”-তে অভিনয়ের জন্য ১০ কোটি রুপি চেয়েছিলাম। হোটেলের পুরো একটি ফ্লোর আর বিমানের ১০টি টিকিট নাকি আমার জন্য বরাদ্দ রাখতে বলেছিলাম। এসব তথ্য ভিত্তিহীন। চলচ্চিত্রশিল্পে আমি ৫০ বছর ধরে তিন শতাধিক ছবিতে কাজ করেছি। আপনাদের কি মনে হয়, এই ধরনের চাহিদা থাকলে আমি এত দিন এখানে কাজ করতে পারতাম?’
শ্রীদেবী আরও বলেন, রাজামৌলির সেই সাক্ষাৎকার দেখে খুব কষ্ট পেয়েছেন তিনি। এই নির্মাতাকে শান্ত ও বিনয়ী বলেই জানতেন; তাই তাঁর কাছ থেকে এমন মন্তব্য শুনে অবাক হয়েছেন এই তারকা। শ্রীদেবী বলেন, ‘আমি তাঁর (এস এস রাজামৌলির) কাজ দেখেছি। তিনি অবশ্যই একজন ভালো পরিচালক, কিন্তু তাঁর কথা বলার ধরন আমাকে আঘাত করেছে।’
সূত্র: ইন্ডিয়ান টুডে