পরিচালনায় দিয়া মির্জা

অভিনয় ও প্রযোজনার পর এবার পরিচালনায় এলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি পরিবেশ নিয়ে ‘কিডস ফর টাইগার’ নামে একটি বিজ্ঞাপন নির্মাণের কাজে হাত দেন তিনি। বাঘ নিয়ে প্রচারণামূলক এই বিজ্ঞাপনে বলিউডের বিভিন্ন অভিনেতার ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।
দিয়া বলেন, ‘এটা একটি অবিশ্বাস্য কর্মসূচি। আমি নিশ্চিত, এটি শিশুদের ওপর বড় প্রভাব ফেলবে। প্রকৃতির সঙ্গে কেমন আচরণ করা উচিত, ছবিটি তাদের সে শিক্ষা দেবে। বাচ্চারাও বেশ বুদ্ধিমান। তারা বুঝতে পারে, প্রকৃতির সঙ্গে কোনো কিছু করা তাদের নিজেদের সঙ্গে কোনো কিছু করার সমান।’
পরিবেশবিদ বিত্তু শ্যাগাল বিজ্ঞাপনটি বানাবেন কি না, সে বিষয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। দিয়া বলেন, ‘তিনি আমার নায়ক। পরিবেশ নিয়ে তিনি যে কাজ করেছেন এবং এখনো করছেন, সেই কাজকে আমি সম্মান করি। তিনি আমার কাছে বিজ্ঞাপনটি নির্মাণ নিয়ে জানতে চান। প্রাথমিকভাবে বিজ্ঞাপনটির ধারণা (আইডিয়া) সম্পর্কে আমি সন্দিহান ছিলাম। কিন্তু পরে এটি আমি তৈরি করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
দিয়া মির্জা ৪ থেকে ১৪ বছরের ২০ জন শিশুকে নিয়ে বিজ্ঞাপনটির শুটিং করেন। শিশুদের মধ্যে বলিউড তারকা এমরান হাশমির ছেলে আয়ান, জায়েদ খানের দুই ছেলে আরিজ ও জিদান অংশগ্রহণ করে।
দিয়া বিজ্ঞাপন বানানোর মাধ্যমে নিজের পরিচালনার ক্যারিয়ার শুরু করলেন। তবে কি পরবর্তী ধাপে ফিচার ফিল্মও নির্মাণ করবেন এ অভিনেত্রী? দিয়া বললেন, ছবি বানাবেন, তবে এখনই নয়। তাঁর কাছে গল্পও আছে। তবে তাঁকে আরও অনেক শিখতে হবে। হিন্দুস্তান টাইমস।