পরিণীতিকে সরিয়ে এই দক্ষিণি নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে দক্ষিণি নায়িকাদের দাপট ক্রমেই বাড়ছে। এঁদের মধ্যে দক্ষিণি তারকা রাশমিকা মান্দানার খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে বলিউড সাম্রাজ্যে। ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা এখন বলিউডে নিজের জমি পাকাপোক্ত করতে মরিয়া। ইতিমধ্যে দুটি বলিউড প্রকল্পে তিনি নিজের ঝুলিতে পুরেছেন। এবার তাঁর তৃতীয় হিন্দি প্রকল্প নিয়ে বিটাউনে জোর গুঞ্জন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘অ্যানিমেল’ হরহামেশাই চর্চায় উঠে আসছে। আগে খবর ছিল যে এই ছবিতে বলিউড সুপারস্টার রণবীর কাপুর আর পরিণীতি চোপড়াকে জুটি হিসেবে দেখা যাবে। আর ‘অ্যানিমেল’ ছবির নির্মাতারা দক্ষিণি নায়িকা রাশমিকার সঙ্গে যোগাযোগ করেছেন। আর এর জন্য তাঁদের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু কিছুদিন ধরে আলোচনা যে পরিণীতি এই ছবি থেকে সরে গেছেন। তাঁর পরিবর্তে কোন নায়িকাকে দেখা যাবে, এ নিয়ে চলচ্চিত্রপাড়ায় ছিল নানা ফিসফাস।

সর্বশেষ খবর অনুযায়ী ‘অ্যানিমেল’ ছবিতে পরিণীতির জায়গা নাকি দখল করেছেন রাশমিকা। আর তাই তাঁকে ছবির মূল নায়িকা হিসেবে দেখা যেতে পারে। পর্দায় এবার রণবীর আর রাশমিকার রোমান্স দেখার সম্ভাবনা প্রবল। ‘অ্যানিমেল’ ছবির মাধ্যমে তাঁরা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন।

জানা গেছে, রাশমিকা এই ছবির জন্য স্বাক্ষর করেছেন। ছবির দুই নির্মাতা ভূষণ কুমার আর সন্দীপ রেড্ডির মতে, রাশমিকা এই ছবির জন্য একদম উপযুক্ত। ‘অ্যানিমেল’ ছবির মূল নায়িকার চরিত্রে এই দক্ষিণি রূপসীকে দারুণ মানাবে বলে তাঁরা মনে করছেন।

এই ছবির নির্মাতারা রণবীরের বিপরীতে এক নতুন এবং তাজা মুখের সন্ধানে ছিলেন। তাঁদের মতে, এ ক্ষেত্রে রাশমিকার চেয়ে আর ভালো কেউ হতে পারে না। আর নির্মাতারা এ–ও মনে করেন যে পর্দায় রণবীর আর রাশমিকার রসায়ন সবাই দারুণ পছন্দ করবে। তবে নির্মাতাদের প্রথম পছন্দ ছিল পরিণীতি চোপড়া। কিন্তু কোনো কারণে এই বলিউড নায়িকা ‘অ্যানিমেল’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

জানা গেছে, এ বছর জুন মাস থেকে ‘অ্যানিমেল’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিটি ঘিরে শুরু থেকে প্রত্যাশা বেশি, কারণ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এর আগে তিনি ‘কবির সিং’, ‘অর্জুন রেড্ডি’-র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। রণবীরকে আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এই ছবির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়ে গেছে।

আয়ান মুখার্জি পরিচালিত এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন আলিয়া আর রণবীর। রাশমিকাকে এদিকে দুটি বলিউড ছবিতে দেখা যাবে। বলিউড সুপারস্টার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে তিনি আসতে চলেছেন ‘মিশন মজনু’ ছবিতে। আর অমিতাভ বচ্চন, নীনা গুপ্তার সঙ্গে তাঁকে ‘গুডবাই’ ছবিতে দেখা যাবে।