পরিণীতির দুই শার্টের দাম 'এক মিলিয়ন'!

গণিতের হিসাবে ১ মিলিয়নে হয় ১০ লাখ। তাতে মাত্র দুটি জামা! কী এমন আহামরি পোশাক যে তার এত দাম? পোশাক আর দাম মিলিয়ে চোখ রীতিমতো কপালে ওঠারই জোগাড়। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় এক দোকানে পোশাক কিনতে গিয়ে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার বেলাতে তা-ই ঘটেছে। অবশ্য ইন্দোনেশিয়া বলেই রক্ষা! কারণ, ইন্দোনেশিয়ার মুদ্রা ১ রুপিয়াহ সমান ভারতের ০.০০৪৭ রুপি (০.০০৫৪ টাকা)।
জামা পছন্দ করার পর দোকানি প্রথমে পরিণীতিকে দুটি জামার জন্য যে বিল দেখান, ডিজিটাল ক্যালকুলেটরে সেই বিলের হিসাব তখন দেখাচ্ছিল এক মিলিয়ন! দোকানি পোশাকের দাম হিসাবে তাঁকে ‘এক মিলিয়ন’ দিতে বললে পরিণীতির চক্ষু চড়কগাছই হয়েছিল!
তবে, শেষ পর্যন্ত নাকি হাসিমুখেই এ অর্থ পরিশোধ করেছেন তিনি। ভারতীয় রুপিতে হিসাব করলে এই দুই পোশাকের দাম যে দাঁড়ায় ৪ হাজার ৬৪৭ রুপির কাছাকাছি! (গুগল কনভার্টারে টাকায় কনভার্ট করলে ৫ হাজার ৪২৫ টাকা ২১ পয়সা)।
বর্তমানে ইন্দোনেশিয়ায় রয়েছেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি দেশটির জাকার্তা শহরের একটি শপিং মলে কেনাকাটা করতে যান তিনি। সেখান থেকে দুটি পোশাক কেনেন পরিণীতি। বিল পরিশোধের সময় কাউন্টারে দুই পোশাকের বিল দেখানো হয় এক মিলিয়ন রুপিয়াহ (ইন্দোনেশিয়ার মুদ্রায়)। দাম দেখানোর বোর্ডটির সামনে ছবি তোলার পাশাপাশি বিষয়টি নিয়ে টুইটও করেছেন তিনি। পরিণীতি তাঁর টুইটে লিখেছেন, ‘এক মিলিয়ন খরচ করে মাত্র দুটি শার্ট কিনলাম!!’