পরিনীতির 'ফিট' আর 'হিট' হওয়ার যুদ্ধ

সম্প্রতি নিজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোড়ন তুলেছেন বলিউডের অভিনেত্রী পরিনীতি চোপড়া। পরিনীতির পোস্ট করা এসব ছবিতে তিনি নিজেকে একেবারেই অন্যভাবে তুলে ধরেছেন। এ অভিনেত্রীর ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে ‘নাদুসনুদুস’ আহ্লাদী যে মেয়েটি সবার সামনে এসেছিল; এখন সে অনেক পরিণত, আত্মপ্রত্যয়ী আর শক্তিশালী এক নারীতে রূপান্তরিত হয়েছে।
পরিনীতি জানিয়েছেন, বলিউডে নিজেকে ‘ফিট’ রাখা এবং ‘হিট’ হওয়ার যে যুদ্ধ, এ ছবিগুলো আদতে তারই প্রস্তুতির।
পরিনীতি চোপড়া সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজেকে ‘ফিট’ করে তোলার জন্য বেশ কিছুদিন ধরেই তিনি নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে পরিনীতি বলেন, তিনি সব সময়ই ফিট থাকতে চেয়েছেন। নিজের পছন্দের সব কাপড়েই তাঁকে যেন মানায়, যাতে তাঁকে অন্য সবার কাছে আকর্ষণীয় দেখায়। কিন্তু তাঁর এই চাওয়ায় এতকাল বাগড়া দিয়েছে তাঁর শরীরের ওজন আর মেদ।
পরিনীতি আরও জানিয়েছেন, বাধাবিপত্তি পার করে বলিউডে অভিনেত্রী হিসেবে তাঁর পথ চলার পথে বরাবরই বাগড়া দিয়ে এসেছে তাঁর ওজন। বলিউডে পা রাখার আগে পরিনীতি চোপড়ার ওজন ছিল ৮২ কেজি। এখন বলিউড জগতের সবচেয়ে আকর্ষণীয় ও আবেদনময়ী তারকাদের একজন।
বৃহস্পতিবার খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় পরিনীতি লিখেছেন, বছর চারেক আগে নাদুসনুদুস আর খানিকটা আহ্লাদী শিশুসুলভ চেহারার এক মেয়ে হিসেবেই আমার পরিচয় ছিল। কিন্তু এখন, চার বছর পর একজন পরিণত, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী নারী হিসেবেই আমাকে দেখা যাবে।’ তিনি বলেন, আমার মতো অন্যরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করে জয়ী হতে পারেন কেননা আমি বিশ্বাস করি, সবার মধ্যেই এই ক্ষমতা আছে।’ হিন্দুস্তান টাইমস।