পরিবারের জন্য নিয়ম ভাঙলেন আমির!

মি. পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান। এটা সবার জানা যে পারফেকশনিস্ট হওয়ার জন্য তিনি বেশ নিয়মনীতি মেনে চলেন। এবার সেই আমির খানই নিয়ম ভাঙলেন। স্ত্রী কিরণ রাও আর ছেলে আজাদ রাওকে সময় দিতে ভাঙতে হলো তাঁর নিয়মের বন্ধন।
আগামী ডিসেম্বরে আমির খানের ছবি ‘দঙ্গল’ মুক্তি পেতে যাচ্ছে। ৫৫ বছর বয়সী মহাবীর সিং ভগতের চরিত্রে অভিনয় করতে তাঁকে ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছে। শরীরকে তৈরি করতে হয়েছে একজন কুস্তিগিরের মতো। এসব করার জন্য তাঁকে একটি নির্দিষ্ট সময় ঘুমাতে হয়েছে, খেতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমির বলেন, ‘সাধারণত কাজের সময় আমি রাত আটটার মধ্যে ঘুমিয়ে যাই এবং চারটার মধ্যে উঠি।’ এমন কঠিন নিয়ম মেনেই তিনি চরিত্রটিকে নিজের আয়ত্তে এনেছেন।
কিন্তু সেই তিনিই নিয়ম ভেঙে ফেললেন। তবে এটা তাঁর অলসতা বা অন্য কাজের জন্য নয়। নিজের স্ত্রী ও সন্তানকে সময় দিতে অনিয়ম করেছেন। আমির বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। ও হ্যাঁ, কিরণ (স্ত্রী) আমাকে রাত্রি জাগিয়েছে।’
বলিউড লাইফ