পরের ছবিটি প্রেমের

গত বছরটা আনুশকা শর্মার ভালোই গেছে। সুলতান, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রযোজক হিসেবেও তিনি সফল। থ্রিলার ছবি এনএইচ টেন কিংবা সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ফিল্লৌরি দর্শক আনুকূল্য পেয়েছে।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট প্রোডাকশন থেকে প্রথমেই থ্রিলার বা রোমান্টিক-কমেডি ছবি করা আনুশকার জন্য বেশ সাহসী সিদ্ধান্ত ছিল। আদিত্য চোপড়া বা করণ জোহরের মতো বলিউড প্রযোজকেরা এখনো মসলাদার ছবির বাইরে কিছু বানানোর কথা প্রথমে ভাবতে পারেন না। সে হিসেবে আনুশকা দুঃসাহস দেখিয়েছেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন, পরের ছবিটি হবে একটি প্রেমকাহিনি নিয়ে।
এই গ্রীষ্মেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সহ–প্রযোজনা করবে ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট। শুটিং হবে ভারতের মুম্বাই ও কলকাতায়।
আনুশকা বলেন, ‘আমরা কেবল একটি গল্প বলতে চাই, যে গল্প শুধু অর্থপূর্ণ ও অন্য রকম নয়, বরং দর্শকের হৃদয়ও ছুঁয়ে যাবে। বলতে পারেন, পরিচালক হওয়ার পথে এটি আমার আরেকটি ধাপ।’ বলিউড বাবল অবলম্বনে।