পরেশ হবেন সুনীল

সঞ্জয় দত্ত চাইছিলেন না জীবদ্দশায় তাঁকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করা হোক। কিন্তু পরিচালক রাজকুমার হিরানি তাঁকে সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পেরেছেন। রাজি করিয়েছেন সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা তৈরির ব্যাপারটি। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ‘মুন্না ভাই’ সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু নতুন খবর হচ্ছে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করবেন পরেশ রাওয়াল।
চলচ্চিত্রটির মুখপাত্র বলেন, ‘ছবিতে পিতা-পুত্রের দারুণ রসায়ন উপস্থাপন করা হবে। আমরা পরেশ রাওয়ালকে পেয়ে খুব আনন্দিত, তিনিই ছবিতে সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করবেন।’ তিনি জানান বাস্তব জীবনে বাবা সুনীলের সঙ্গে সঞ্জয়ের খুব ভালো বোঝাপড়া ছিল। তাঁদের আবেগঘন মুহূর্তগুলো রাজকুমার হিরানি তাঁর ছবিতে নতুন করে সৃষ্টি করবেন।
পদ্মশ্রী আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরেশ রাওয়ালকে স্বাভাবিকভাবেই পরিচালক প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। এই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এতে আরও অভিনয় করবেন ‘মাসান’ ছবির জন্য পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ভিকি কৌশল।
হিন্দুস্তান টাইমস