পর্দায় জুটি হবেন ২০ বছর পর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান পর্দার জুটি থেকে বাস্তবে জুটি বেঁধেছেন ২০১২ সালে। এরপর থেকেই আর বড় পর্দায় তেমনভাবে দেখা যায়নি তাঁদের। কবে আবার জুটি হবেন কোনো নতুন ছবিতে? প্রশ্ন করা হয়েছিল কারিনাকে। নবাবপত্নী মজা করে এর উত্তর দিয়েছেন, ‘খুব সম্ভবত বছর বিশেক পর!’
কারিনা মনে করেন, বিয়ের পর কোনো নির্মাতাই তাঁদের আর সিনেমার জুটি হিসেবে দেখতে চান না। এ জন্যই হয়তো তাঁরা একসঙ্গে অভিনয় করার মতো কোনো ভালো ছবির প্রস্তাব পাচ্ছেন না। কবে পাবেন, তারও কোনো ঠিক নেই! নতুন কোনো ছবিতে জুটি হতে না পেরে মনে আফসোস নেই কারিনার। কারণ, রোজই তো বাড়িতে দেখা হচ্ছে দুজনার। বাস্তবে যাঁরা সংসার করছেন, পর্দায় প্রেম করতে না পারলে তাঁদের কী বা আসে যায়?
বিয়ের আগে সাইফ-কারিনা জুটি অভিনয় করেছেন এলওসি: লাইন অব কারগিল, তাশান, কুরবান ও এজেন্ট বিনোদ ছবিতে। তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুই বছর আগে, হ্যাপি এন্ডিং ছবিতে। যদিও সেখানে কারিনা ছিলেন অতিথি তারকা। এনডিটিভি।