পর্দায় নির্বাক ছবি 'সিরাজ'

নির্বাক ছবি ‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ প্রথম দেখানো হয়েছিল ১৯২৮ সালে। ছবিটির একটি নেগেটিভ ১৯৪২ সালে পেয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। ছবির কাহিনি তাজমহল নিয়ে। অনাথ সেলিমার প্রেম আর আনুগত্যের গল্প। সেই সেলিমা হবেন ভারতসম্রাজ্ঞী মমতাজ মহল। তাঁর মৃত্যুর পর সেলিমার অন্ধ ভাইকে তাজমহল তৈরির দায়িত্ব দেন সম্রাট শাহজাহান। লন্ডনে এই ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন অভিনেতা-প্রযোজক হিমাংশু রায় আর লেখক নিরঞ্জন পাল। ছবির শুটিং হয়েছিল আগ্রায়। কলাকুশলীরা ছিলেন ভারত ও ইউরোপের। প্রযোজনা করে একটি ব্রিটিশ সংস্থা, পরিচালক ফ্রানজ ওস্টেন ছিলেন জার্মানির নাগরিক। ছবিটি এবার ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করেছে বিএফআই।
৬১তম লন্ডন চলচ্চিত্র উৎসবে ১৪ অক্টোবর বার্বিকানে নতুন এই ছবির গালা ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এবার ছবিটি দেখতে পাবেন ভারতের দর্শক। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কলকাতায় কলামন্দিরে হবে ‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ ছবির প্রদর্শনী।

সম্প্রতি ছবিটি নতুন করে পর্দায় আনার উদ্যোগ নেয় বিএফআই। শুরুতে পুরোনো নেগেটিভ থেকে প্রতিটি দৃশ্য স্ক্যান করা হয়। এরপর শুরু হয় ডিজিটাল প্রযুক্তিতে ছবিটি পুনরুদ্ধারের কাজ। ধুলা আর ঘষা দাগ তোলা এবং আলো-অন্ধকারের সমতা ফেরানোর কাজ চলে প্রায় ১৮ মাস ধরে। ছবিটি আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের সব কাজ শেষ হয় এ বছর সেপ্টেম্বর মাসে।
আগেই জানা গেছে, সেতারবাদক আনুশকা শঙ্করের হাত ধরে ৯০ মিনিটের চলচ্চিত্র ‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ এবার নতুন জীবন পেয়েছে। ছবিটির সংগীত তৈরি করেছেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের মেয়ে। ছবিটি প্রথম দেখানোর সময়ে কী ধরনের সংগীতের ব্যবহার হয়েছিল, তা জানা যায়নি। এদিকে ভারতীয় রাগসংগীতের সঙ্গে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ফিউশনের জন্য যথেষ্ট খ্যাতি রয়েছে আনুশকা শঙ্করের। বিএফআই আর্কাইভের প্রধান কিউরেটর রবিন বেকার জানান, এ কারণেই তাঁরা ছবিটির নতুন করে আবহসংগীত তৈরির জন্য আনুশকাকে অনুরোধ করেন। তবে প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে আনুশকার অনবদ্য সৃষ্টি যেন ছবির আন্তর্জাতিক পরিচয়কেই তুলে ধরেছে।

এই ছবিতে আনুশকা শঙ্কর সেতার, বাঁশি আর বেহালার সঙ্গে যোগ করেছেন সেলো, ক্লারিওনেট আর কি-বোর্ড। ‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ ছবির কাজ করার অভিজ্ঞতার কথা তিনি বললেন এভাবে, ‘ছবির কাহিনি সপ্তদশ শতকের। সংগীত তৈরির পুরো সময় আমি তা মাথায় রেখেছি। পাশাপাশি খেয়াল রেখেছি, ছবিটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে। আমি সব সময় ভারসাম্য ধরে রাখার চেষ্টা করেছি।’
‘সিরাজ’ ছবিটি যাঁরা তৈরি করেছিলেন, তাঁদের কেউ এখন আর বেঁচে নেই। আর ছবিটি দীর্ঘদিন পড়েছিল আর্কাইভে। তাহলে কে আনুশকাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন? কেউ নেই। পুরো কাজটি আনুশকাকেই করতে হবে তাঁর মেধা, অভিজ্ঞতা আর নতুন কিছু সৃষ্টির মন থেকে। আনুশকা বললেন, ‘কীভাবে সুর তৈরি করতে হয়, তা আমি জানি। কিন্তু আরেকজনের ভাবনার সঙ্গে সংগীতের মেলবন্ধন ঘটানো আমার জন্য একেবারেই নতুন ছিল। কাজ করতে গিয়ে বারবার মনে হয়েছে, ছবির সঙ্গে যুক্ত কেউ যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো কিছু সহযোগিতা পাওয়া যেত। কিন্তু তা তো আর পাওয়ার উপায় নেই। তাই সব সিদ্ধান্ত আমাকেই নিতে হয়েছে।’

ভারতে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক অ্যালান জেমেল জানান, ২০১৭ সালটি ‘ইউকে-ইন্ডিয়া ইয়ার অব কালচার’ হিসেবে পালন করছেন তাঁরা। প্রায় ৯০ বছর আগে ভারত আর ব্রিটিশ সাংস্কৃতিক মেলবন্ধনের নিদর্শন ‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ ছবিটি। এমন একটি আন্তর্জাতিক ছবি নতুন করে দর্শকদের সামনে আনতে পেরে তাঁরা আনন্দিত।
‘সিরাজ: আ রোমান্স অব ইন্ডিয়া’ ছবিতে শাহজাদা সিরাজের ভূমিকায় অভিনয় করেছেন হিমাংশু রায়। সম্রাট শাহজাহানের ভূমিকায় চারু রায় আর সেলিমার ভূমিকায় এনাকাশি রমা রাও। ছবিতে রয়েছে উটের কাফেলা, মরুভূমির লুটেরা ঘোড়সওয়ারের দল, জনাকীর্ণ দাস বেচাকেনার বাজার আর বিরাটকায় হাতি, সুরম্য প্রাসাদ। সব মিলিয়ে এত বছর পরও এ ছবিটির আবেদন এতটুকু কমেনি দর্শকদের কাছে।