পর্দায় রানু মণ্ডল চরিত্রে শোনা যাচ্ছে সুদীপ্তার নাম

রানু মণ্ডলের জীবনের গল্প নিয়ে পরিচালক ঋষিকেশ মণ্ডল ছবি তৈরি করবেন, ২১ সেপ্টেম্বর খবরটি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস আর জি ২৪ ঘণ্টা। তখন আরেকটি প্রশ্ন সামনে আসে, পর্দায় রানু মণ্ডলের চরিত্রে কে অভিনয় করবেন? ঋষিকেশ মণ্ডল জানিয়েছেন, এরই মধ্যে সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেছেন। সুদীপ্তা চক্রবর্তী মঞ্চ, ছোট পর্দা আর বড় পর্দায় অভিনয় করছেন। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে রানু মণ্ডলের চরিত্রে অভিনয়ের ব্যাপারে তাঁর আগ্রহ রয়েছে। চিত্রনাট্য পাঠাতে বলেছেন। এরপর সিদ্ধান্ত জানা যাবে।
এবার ইন্ডিয়া টাইমস সূত্রে জানা গেছে, এই ছবিতে রানু মণ্ডলের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা আছে সুদীপ্তা চক্রবর্তীর। এদিকে গতকাল বুধবার আনন্দবাজার অনলাইন সংস্করণকে সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, কিছুদিন আগে পরিচালক ঋষিকেশ মণ্ডলের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথা হয়েছে। তিনি পরিচালককে ছবির চিত্রনাট্য পাঠাতে বলেছিলেন। এরপর এই ছবির ব্যাপারে আর কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।
রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাতারাতি আলোচিত হন রানু মণ্ডল। এরপর তাঁকে দিয়ে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবিতে গান করিয়েছেন হিমেশ রেশমিয়া। বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সম্প্রতি ছবির ‘তেরি মেরি’ গান প্রকাশ অনুষ্ঠানে রানু মণ্ডলকে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন। এখন রানু মণ্ডল ভারতের সংবাদমাধ্যমগুলোতে খুব আলোচিত একজন নারী।
এরই মধ্যে রানু মণ্ডলের সঙ্গে পরিচালক ঋষিকেশ মণ্ডলের চুক্তি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আর জি ২৪ ঘণ্টাকে ঋষিকেশ মণ্ডল বলেছেন, ‘রানুদির সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা রানাঘাটে থাকার পর তাঁর সঙ্গে দেখা হলো। মাটির মানুষ। বারবার বলেছেন, “আমার জীবনী ফুটিয়ে তুলতে পারবেন তো!”’
ছবির নাম আপাতত ভাবা হয়েছে ‘প্ল্যাটফর্ম সিংগার রানু মণ্ডল’। রানু মণ্ডলের এই বায়োপিকে কী কী থাকবে? ঋষিকেশ মণ্ডল বলেছেন, ‘ছবি শুরু হবে সাংবাদিকদের সামনে রানু সাক্ষাৎকার দিচ্ছেন, সেই দৃশ্য দিয়ে। রানু মণ্ডলের জীবনে একাধিক প্রেম রয়েছে, থাকবে সেই গল্প। আরও থাকবে তাঁর গায়িকা হয়ে ওঠার গল্প। পাশাপাশি তাঁর জীবনে রয়েছে নানা উত্থান-পতনের ঘটনা। তাঁর স্বামী, সন্তান—এসবও থাকবে ছবিতে।’ রানাঘাটেই প্রায় পুরো ছবির শুটিং হবে। কিছু অংশের শুটিং হবে কলকাতা আর মুম্বাইয়ে।