পর্দায় সাবেক প্রেমিক-প্রেমিকারা

সালমান খান-ক্যাটরিনা কাইফ
একসময় প্রেম ছিল তাঁদের। বলিউড সিনেপাড়ায় তাঁদের নিয়ে ছিল ফিসফাস। প্রেম ভেঙে গেছে, ফিসফাসও থেমে গেছে। এখন শুধু আছে প্রেমের স্মৃতি আর বন্ধুত্ব। এ বছর আবারও প্রেমিক-প্রেমিকা হতে যাচ্ছেন তাঁরা। তবে বাস্তবে নয়, পর্দায়।
২০০৩ সালে ‘মেনে পেয়ার কিউ কিয়া’ ছবিতে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা তৈরি হয় সালমান-ক্যাটরিনার। এরপর একসঙ্গে অভিনয় করেন ‘পার্টনার’ ও ‘যুবরাজ’ ছবিতে। সম্পর্কটাও একটু পোক্ত হয়ে যায়। সম্পর্কে চির ধরতেও সময় লাগেনি, সময় লাগেনি দূরত্ব তৈরি হতে। ক্যাটরিনা বলেছিলেন, এটাই ছিল তাঁর প্রথম সাচ্চা প্রেম। এরপর দুজনকে ঘিরে নানা গুঞ্জন শোনা গেলেও আর জোড়া লাগেনি ভাঙা মন। এ বছর রুপালি পর্দায় প্রেমিক-প্রেমিকা হিসেবে আসছেন তাঁরা ‘এক থা টাইগারে’র সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মধ্য দিয়ে।

রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটেই হয়তো তাঁদের প্রেমের সূত্রপাত। পাঁচ বছর পর ২০১৪ সালে দুজনেই মেনে নেন—হ্যাঁ, প্রেম করেছি, বেশ করেছি। সেই প্রেমটা ভেঙে যায় গত বছর। এ বছর তাঁদের দেখা যাবে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে। ২০১০ সালে একসঙ্গে ‘রাজনীতি’ ছবিতে কাজ করেছিলেন তাঁরা।

বরুণ ধাওয়ান-আলিয়া ভাট
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে সিনেপাড়ায় দুজনের পথচলা শুরু। নিজেদের মধ্যে বোঝাপড়া শুরু হয় সে সময়। ২০১৪ সালে বোঝাপড়া গড়ায় প্রেমের দিকে। সে সময় চলছিল ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির কাজ। এরপর আর বরুণ-আলিয়া কাহিনি শোনা যায়নি। আলিয়ার নামের সঙ্গে জড়িয়ে যায় সিদ্ধার্থ মালহোত্রার নাম। এ বছর এই সাবেক প্রেমিক–প্রেমিকাকে দেখা যাবে ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে।

আদিত্য রায় কাপুর-শ্রদ্ধা কাপুর
‘আশিকি টু’ ছবি দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন এই দুই কাপুর। পর্দার প্রেমিক-প্রেমিকাকে নিয়ে বাস্তব দুনিয়ায় কত কথাই না হয়েছে। দুজনের কেউই স্বীকার করেননি নিজেদের অন্তর্গত কোনো সত্য। এমনকি শ্রদ্ধাকে নাকি আদিত্যর বাড়িতেও দেখা গেছে। তাঁদের দুজনকেও দেখা যাবে এ বছর ‘ওকে জানু’ ছবিতে। তবে আদিত্যর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল আরও এক নাম। ‘ফিতুর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তিনি ক্যাটরিনার সঙ্গে। উঠেছিল প্রেমের গুঞ্জন। হিন্দুস্তান টাইমস।