পর্নো ছবি মামলার অভিযুক্ত শিল্পার স্বামীর দৈনিক আয় ১০ লাখ রুপির বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্নো ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দারকে

ক্রমেই আইনি জালে জড়িয়ে পড়ছেন পর্নো ছবি মামলার মূল অভিযুক্ত রাজ কুন্দ্রা। গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রার ভিয়ান ইন্ডাস্ট্রি লিমিটেডের দপ্তরসহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায়। এ সময় তারা রাজের কম্পিউটারের হার্ডডিস্কসহ সার্ভার জব্দ করে। পুলিশের অনুমান, এখান থেকেই পর্নো ভিডিও আপলোড করা হতো। বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করে পুলিশ।

রাজ কুন্দ্র ও শিল্পা শেঠি

রাজের আইফোন, ল্যাপটপও পুলিশের কাছে আছে। তদন্তের জন্য এসব ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ খুব শিগগির পর্নো মামলার ব্যাপারে রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। যদিও রাজের দাবি, তাঁর এই ব্যবসার বিন্দুবিসর্গ জানতেন না শিল্পা। ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ।

গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে
ছবি: ইনস্টাগ্রাম

পুলিশি তদন্তে উঠে এসেছে, ‘হটশর্ট’ অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিকেশ ও ঈশ্বর নামের দুজন ব্যক্তিকে ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে নিযুক্ত করেন রাজ। জেরার মুখে আরও কিছু তথ্য ফাঁস করেছেন তিনি।

শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনেক সময় দিনে ১০ লাখ রুপির বেশি আয় করতেন রাজ। পর্নোগ্রাফি ব্যবসাকে আরও বিস্তৃত করতে নতুন একটা অ্যাপ প্রকাশেরও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সির খোঁজে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তিও জারি করেছে মুম্বাই পুলিশ।

পর্নোগ্রাফি মামলার প্রদীপ বক্সিও অন্যতম আসামি। রাজের ‘শর্টকাট’ অ্যাপ নির্মাণকারী সংস্থা কেনরিনের সহ–অংশীদার প্রদীপ।

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দার
ছবি: ইনস্টাগ্রাম

ফেব্রুয়ারিতে রাজের বিরুদ্ধে অশ্লীল ব্যবসা করার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ রাজকে জেরার আগে এ–সম্পর্কিত সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে। এরপর ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায়। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার হয়েছে।