পর্নোগ্রাফি মামলায় আবার পেছাল রাজ কুন্দ্রার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

পর্নোগ্রাফি মামলায় এখনো কারাবন্দী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। রাজের আইনজীবীরা ক্রমাগত জামিনের আবেদন করে যাচ্ছেন। কিন্তু কোনো না কোনো কারণে শুনানির দিন পিছিয়ে দিচ্ছেন আদালত। সর্বশেষ খবর, ১৬ সেপ্টেম্বর রাজের জামিনের আবেদনের ওপর রায় শোনাবেন সেশন কোর্ট।
পর্নোগ্রাফি মামলায় প্রধান অভিযুক্ত হয়ে গত ১৯ জুলাই থেকে কারাবন্দী রাজ। দেড় মাসের বেশি জেলে আছেন এই শিল্পপতি। খবর, গতকাল রাজের উকিলেরা তাঁর জামিনের পরবর্তী শুনানির তারিখ জানানোর জন্য সেশন কোর্টের কাছে আবেদন করেছিলেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৬ সেপ্টেম্বর কোর্ট এ ব্যাপারে তাঁর রায় শোনাবেন।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলার জোর তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তারা চায় না যে রাজ জামিন পান। কারণ, জামিন পেলে এই শিল্পপতির দেশ ছেড়ে পালানোর আশঙ্কা প্রবল। তাই ক্রাইম ব্রাঞ্চ রাজের জামিনের ক্ষেত্রে বারবার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রারকে
ছবি: ইনস্টাগ্রাম

এদিকে ধীরে ধীরে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছেন শিল্পা শেঠি। রাজ গ্রেপ্তার হওয়ার পর নিজেকে কিছুদিন কাজের জগৎ থেকে দূরে রেখেছিলেন এই বলিউড অভিনেত্রী। আবার সনি চ্যানেলের নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’-এর বিচারকের আসনে ফিরে এসেছেন শিল্পা।

শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

কিছুদিন আগে ভারতীয় এক জনপ্রিয় পোর্টাল জানায়, স্বামী রাজের বাসা ছেড়ে দুই সন্তানকে নিয়ে আলাদা থাকার পরিকল্পনা করছেন শিল্পা। রাজের থেকে আলাদা হয়ে নতুন জীবন গড়ার কথা শিল্পা তাঁর ঘনিষ্ঠ এক বান্ধবীকে জানিয়েছেন বলে পোর্টালটির দাবি। ২০০৯ সালে রাজ আর শিল্পার বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তানের নাম বিয়ান আর সমীশা।