পশমিনার 'ভুল' অনিচ্ছাকৃত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর
‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর

ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুরের নতুন ছবি ‘ফিতুর’-এর একটি গানের ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘পশমিনা’ শিরোনামের গানটিতে অংশ নিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও নতুন প্রজন্মের অভিনেতা আদিত্য রয় কাপুর। ছবির এই গানটিতে দুজনের সম্পর্কের একটি অসাধারণ রোমান্টিক দৃশ্যায়ন হয়েছে। কিন্তু যে বিষয়টি গোল বাধিয়েছে, তা হলো, ‘পশমিনা’ গানের সব দৃশ্য এবং সৃষ্ট আবহের সঙ্গে এড শেরিনের জনপ্রিয় ‘থিঙ্কিং আউট লাউড’ গানের এত মিল যে, অনেকেই গানটি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন।
এ ছবিসংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কেউ কেউ বলছেন, এ গানের জন্য পোশাক নির্বাচন, আলোর কাজ, ভিডিওচিত্রে ব্যবহৃত সেট, এমনকি এর কোরিওগ্রাফি যে এড শেরিনের মিউজিক ভিডিওটির একেবারে হুবহু; তা স্পষ্ট বোঝা যায়।
‘ফিতুর’ ছবির জন্য ‘পশমিনা’ গানটি লিখেছেন সানন্দ। গানটির সংগীতায়োজন করেছেন অমিত ত্রিবেদী, গেয়েছেনও তিনি। অমিতের কণ্ঠেই গাওয়া গানটি শ্রবণে এক অসাধারণ অনুভূতি জাগায়।
‘পশমিনা’ শিরোনামের গানটিতে ক্যাটরিনা ও আদিত্যের মধ্যে একটি অসাধারণ রোমান্টিক আবহ সৃষ্টি করা হয়েছে। এ গানের বিভিন্ন দৃশ্যে এই তারকা যুগল দারুণ অভিনয় করেছেন। ‘পশমিনা’ গানটিতে ক্যাটরিনা কাইফের ত্বকের রঙের সঙ্গে মেলানো পোশাক, আদিত্যের সঙ্গে তাঁর সাবলীল অভিনয়, পারিপার্শ্বিক পরিবেশ, আলোর খেলা আর নাচ দেখে মনে হতেই পারে যেন দুটো প্রজাপতি উড়ে যাচ্ছে, ফিরে আসছে। অনয় গোস্বামীর চিত্রধারণের দক্ষতা ও কৌশল ভিডিওটিকে আরও নিখুঁত করেছে।
কিন্তু এত কিছুর পরও বলিউডের সমালোচকদের অনেকে প্রশ্ন করেছেন, এই যে অনুকরণ, এটা কি উদ্দেশ্যমূলক? প্রতিলিপি? নাকি অবচেতনে ঘটে যাওয়া ভুল!
‘ফিতুর’ ছবিটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি নিয়ে অনেকে আশাবাদী হলেও কেউ কেউ বলেছেন, ‘অভিষেক কাপুরের পরিচালনায় এমন একটি ছবিতে এমন “ভুল” আদৌ গ্রহণযোগ্য নয়।’
‘ফিতুর’ মুক্তি পাবে এ বছরের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে। টাইমস অব ইন্ডিয়া।