পশুপ্রেমী আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাটের পশুপ্রেম তাঁর ক্যারিয়ারের মতো ঊর্ধ্বমুখী। কিছুদিন আগেই প্রাণী সংরক্ষণের ওপর ‘কো এগজিস্ট’ নামের এক অভিযান শুরু করেছেন এই বলিউড সুন্দরী। ‘মাদারস ডে’-এর দিন এক কচ্ছপের জীবন বাঁচান আলিয়া। কচ্ছপটিকে সুস্থ করে পরে সমুদ্রে ছেড়ে দেন। এবার আলিয়া রাস্তার কুকুর-বিড়ালকে রক্ষা করতে এগিয়ে এলেন।
আলিয়ার বাড়িতে একাধিক পোষ্য আছে। ‘ডিয়ার জিন্দেগি’খ্যাত এ অভিনেত্রী নিজেই তাঁর প্রিয় পোষ্যগুলোর দেখভাল করেন। আলিয়া চান, অসহায় জীবজন্তুর প্রতি মানুষ আরও সহানুভূতিশীল হোক। সবাই এগিয়ে আসুক এসব পশু রক্ষায়।
‘উড়তা পাঞ্জাব’খ্যাত এই অভিনেত্রী তাঁর অভিযান সম্পর্কে বলেন, ‘রাস্তার কুকুর-বিড়ালের সঙ্গে মানুষ হরহামেশা অমানবিক ও নিষ্ঠুর আচরণ করে। এসব জন্তু রাস্তায় থাকার কারণে এরা সুরক্ষিত নয়। গাড়ির চালকেরা সব সময় এদের নিষ্ঠুরভাবে চাপা দিয়ে চলে যান। উৎসবের দিন আতশবাজির আলো আর শব্দে কুকুর-বিড়াল খুব ভয় পেয়ে যায়। আমার এই অভিযানের মাধ্যমে এদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে চাই। চাই সবাই এদের প্রতি মানবিক হয়ে উঠুক।’
বলিউড সুন্দরী এ প্রসঙ্গে আরও বলেন, ‘অভিযানের অঙ্গ হিসেবে আমরা অনেকে এগিয়ে এসেছি রাস্তার কুকুর-বিড়ালদের বাড়িতে রেখে পালন করতে। জন্তুরা আমাদের ভালোবাসে এবং আমাদের প্রতি এঁরা খুবই অনুগত। বাড়িতে জীবজন্তু রেখে পালন করতে না পারলে নিজের এলাকার জানোয়ারদের প্রতি যত্নশীল এবং দায়িত্বশীল হয়ে উঠুন। এদের সময়মতো টিকা দেওয়ার ব্যবস্থা করুন।’
আলিয়ার মতোই আরেক বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও বেশ পশুপ্রেমী। সম্প্রতি জ্যাকুলিনের উদ্যোগে এক হাতি কুসংস্কারের অত্যাচার থেকে মুক্তি পায়।