পাঁচ কোটি পাচ্ছেন না রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

শেষ পর্যন্ত রেকর্ড গড়া হলো না রণবীর সিংয়ের। মঞ্চে ১৫ মিনিট নাচার জন্য তিনি পারিশ্রমিক চেয়েছিলেন পাঁচ কোটি রুপি! এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁর। আয়োজকদের সঙ্গে তাঁর আলোচনাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না তিনি। ‘গলি বয়’ ছবির শুটিং করতে গিয়ে নাকি কাঁধে আঘাত পেয়েছেন রণবীর সিং। তাই হাতে সময় থাকতেই আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আর আয়োজকদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

রণবীর সিংয়ের মুখপাত্র লিখিত বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি একটি ফুটবল ম্যাচে কাঁধে আঘাত পান রণবীর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস কোনো অতিরিক্ত পরিশ্রম করবেন না তিনি। তবে ‘গলি বয়’ ছবি থেকে ছুটি নিচ্ছেন না। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং করবেন।

‘পদ্মাবত’ ছবির জন্য রণবীর সিং পারিশ্রমিক নিয়েছিলেন আট কোটি রুপি। এই ছবির সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন। এরপর নতুন ছবির জন্য তিনি ১৩ কোটি রুপি চেয়েছেন।

এদিকে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। মুম্বাই মিররের খবর অনুযায়ী, এ বছরই গাঁটছড়া বাঁধবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দুই পরিবার নাকি বিয়ের পরিকল্পনা, বিবাহোত্তর সংবর্ধনার স্থান, এমনকি নিমন্ত্রিত ব্যক্তিদের তালিকাও চূড়ান্ত করেছেন। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চার দিন ধরে হবে এই অনুষ্ঠান। এরই মধ্যে বিয়ের শপিং শুরু করেছেন দীপিকা। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে হিন্দুমতে বিয়ে করবেন দীপিকা ও রণবীর। ব্যক্তিগত এই অনুষ্ঠানে বলিউডের কোনো তারকা থাকবেন না। পরে বিবাহোত্তর সংবর্ধনায় বন্ধু, সহকর্মী আর আত্মীয়দের আমন্ত্রণ জানানো হবে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

তবে বিয়ে বা রিসেপশন কোথায় হবে, তা জানা যায়নি। কয়েক মাস আগে ইতালিতে গোপনে বিয়ে করেন বিরাট কোহলি এবং অনুশকা শর্মা। বিয়ের আগে পর্যন্ত কোনো খবর প্রকাশ্যে আসেনি। বিয়ের পর নিজেরাই টুইট করে খবর জানিয়েছিলেন। অনেকেই মনে করছেন, দীপিকা-রণবীরও সেভাবেই বিয়ে করতে পারেন।

‘আইপিএল ২০১৮’ শুরু হচ্ছে। ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জানা গেছে, এ অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানসহ অনেকে। আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য এ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড ও ক্রিকেট জগতের তারকাদের মেলা বসবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে। আইপিএলে এবারের আসরের অন্য অধিনায়কেরা হলেন বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), অজিঙ্কা রাহানে (রাজস্থান রয়্যালস), গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস), আর অশ্বিন (কিংস ইলেভেন পাঞ্জাব), দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স), ডেভিড ওয়ার্নার (সানরাইজার হায়দরাবাদ)। তবে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা ছাড়া আর কোনো অধিনায়ক থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। কারণ, এ অনুষ্ঠানের পরই ম্যাচ রয়েছে অন্যদের।

আইপিএলের গত আসরের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ছিল ৩০ কোটি রুপি। তবে এবার তা কমিয়ে ২০ কোটি রুপি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, আইপিএলের প্রধান বিষয় ক্রিকেট। তাই উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদনের জন্য এত অর্থ খরচ করতে রাজি নন তাঁরা।