পাকিস্তানি অভিনয়শিল্পীদের ভারত ছাড়ার হুমকি

বলিউডে কাজে ব্যস্ত পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার হুমকি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি দল। তারা দেশত্যাগের জন্য শিল্পীদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাছাউনিতে হামলা ও ১৮ ভারতীয় সেনার মৃত্যুর জের ধরেই এমএনএস এই হুমকি দিয়েছে। এর ফলে এখন ফাওয়াদ খান, আলী জাফর, মাহিরা খান ও সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের মতো তারকাদের ভারতে অবস্থান করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমএনএসের নেতা অময় খোপকার গতকাল শুক্রবার পাকিস্তানি শিল্পীদের উদ্দেশে বলেন, ‘আমরা পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিলাম। এরপরও তাঁরা দেশত্যাগ না করলে তাঁদের আমরা বের করে দেব।’
বর্তমানে বলিউডের বহুল প্রতীক্ষিত ও বড় বাজেটের কয়েকটি ছবিতে কাজ করছেন পাকিস্তানের অভিনয়শিল্পীরা। আগামী অক্টোবরে মুক্তি পাবে করন জোহর পরিচালিত পাকিস্তানের শিল্পী ফাওয়াদ খান অভিনীত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল। তা ছাড়া ২০১৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের বহুল আলোচিত রইসছবির নায়িকাও পাকিস্তানের মাহিরা খান। পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানও তো কাজের ব্যস্ততার কারণে ভারতে থাকছেন। তাই এই হুমকির পর এখন তাঁরা প্রত্যেকেই একটু নড়েচড়ে বসেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।