পাকিস্তানি শিল্পীদের বর্জন করলেন করণ

আর মাত্র কয়েক দিন পরই মুক্তি পাওয়ার কথা করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। কিন্তু বহুপ্রতীক্ষিত এই ছবির মুক্তি এখন হুমকির মুখে। কারণ, এখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাঘাঁটিতে হামলা হওয়ার পর বলিউড থেকে পাকিস্তানি তারকাদের বর্জনের ঘোষণা দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের ভারতের একটি রাজনৈতিক দল। তবে, বলিউডের বেশির ভাগ শিল্পীই এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। এই দলে করণও ছিলেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ থেকে ফাওয়াদের দৃশ্যগুলো বাদ দেওয়ার দাবিতে এমএনএস দলের নেতা-কর্মীরা গত মাসে করণ জোহরের কার্যালয় ঘেরাও করেছিল। তখন এক সাক্ষাৎকারে করণ বলেছিলেন, ‘বলিউড থেকে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা কোনো সমাধান নয়।’
কিন্তু এখন এই করণই তাঁর কথার সুর পাল্টে ফেলেছেন। বলছেন, সবার আগে দেশ। দেশকে ভালোবেসে তিনি তাঁর ভবিষ্যতের কোনো ছবিতে পাকিস্তানের শিল্পীকে নেবেন না বলেও একটি ঘোষণা দিয়েছেন। এ বিষয়টি নিয়ে কেন এত দিন চুপ ছিলেন, তা-ও জানালেন। ইন্টারনেটে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ৪৪ বছর বয়সী এই নির্মাতা বলেন, ভারতের সেনাঘাঁটিতে হামলার ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত ছিলেন বলে এত দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের দেশ। ভারতের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আর কোনো দিন পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করবেন না।
প্রসঙ্গত, এমএনএস নামের সেই রাজনৈতিক দলটি দুই দিন আগে একটি টুইট বার্তায় জানিয়েছিল, তারা সিনেমা হলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ প্রদর্শন করতে দেবে না। কেউ এটি বড় পর্দায় মুক্তি দেওয়ার চেষ্টা করলে হল ভাঙচুর করার হুমকিও দেয় তারা।
এ ঘটনার পর করণ জোহর পুলিশের কাছে নিরাপত্তা চান বলেও শোনা গেছে।
অনেকে ধারণা করছেন, ছবি মুক্তি নিয়ে যে ঝামেলা চলছে, তার নিষ্পত্তি করতেই পাকিস্তানি তারকাদের বর্জন করার কথা বলছেন করণ। কারণ, তাঁর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের প্রথম পর্বের অতিথি করতে চেয়েছিলেন পাকিস্তানি তারকা ফাওয়াদকেই। আর এখন তিনিই কিনা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা।
অনেকেই অবশ্য করণ জোহরের এমন দুমুখো আচরণের সমালোচনা করছেন। তবে আপাতত তিনি এসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন বলে মনে হয় না। ৫৫ কোটি রুপি বাজেটের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ভালোয় ভালোয় মুক্তি দেওয়াই এখন তাঁর মূল চিন্তা। এনডিটিভি।