পাকিস্তানে আবারও বলিউড ছবি নিষিদ্ধ

পাকিস্তানে আবারও নিষিদ্ধ হলো বলিউডের ছবি। অভিযোগ, পাকিস্তানের এমন কিছু বিষয় তাতে রয়েছে, যেগুলোর ঠিক মেনে নিতে পারছে না পাক সেন্সর বোর্ড। আর তাই প্রথমে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছিল তারা। পরে একেবারে ছবি মুক্তির ওপরেই আনে নিষেধাজ্ঞা।
সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে অভয় দেওল ও ডায়ানা পেন্টি অভিনীত কমেডি ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি’। ছবির গল্পের বাঁধুনিটা ঠিক এমন—বিয়ের আসর থেকে কনে পালাবে। তারপর সে পৌঁছে যাবে পাকিস্তানের লাহোরে। সেখানেই একের পর এক ঘটতে থাকবে মজার সব ঘটনা। সিনেমার একটা বড় অংশজুড়ে রয়েছে পাকিস্তান। পরিচালক আনন্দ লাল রাই বলেছেন, ‘প্রথমে কিছু দৃশ্য ছাঁটার নির্দেশ দিয়েছিল তাঁরা। আমরা তাতে রাজি ছিলাম। পরে দেখা গেল, ছবি মুক্তির অনুমতিও ফিরিয়ে নিয়েছে পাক সেন্সর বোর্ড।’
এর আগে বিভিন্ন সময়ে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’, ‘নিরজা’, ‘তেরে বিন লাদেন’, ‘লাহোর’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘জাব তাক হ্যায় জান’, ‘এক থা টাইগার’, ‘এজেন্ট বিনোদ’, ‘রাঞ্জনা’, ‘দেল্লি বেলি’, ‘বেবি’, ‘হায়দার’-এর মতো জনপ্রিয় ছবিগুলো। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস