পাকিস্তানে 'ঢিশুম' নিষিদ্ধে মর্মাহত বরুণ

ভারতীয় ছবি ‘ঢিশুম’ পাকিস্তানে নিষিদ্ধ হওয়ায় মর্মাহত হয়েছেন ছবির অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি বিশ্বাস করেন, বলিউড ছবি কখনোই কোনো দেশকে খারাপভাবে উপস্থাপন করে না।
ছবিতে বরুণকে একজন পুলিশ অফিসার জুনাইদ আনসারির ভূমিকায় দেখা যায়। ছবিতে তাঁর সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তার চরিত্রে আছেন জন এব্রাহাম। আজ টুইট করে বরুণ পাকিস্তান সেন্সর বোর্ডের ছবিটি নিষিদ্ধের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
বরুণ লেখেন, ‘পাকিস্তানে “ঢিশুম” নিষিদ্ধ হওয়ায় আমি আসলেই মর্মাহত। আমি মনে করি না, এই ছবি কোনো দেশকে খারাপভাবে উপস্থাপন করেছে। এটি একটি ভুল সিদ্ধান্ত।’
ছবিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান অপহৃত হন। ৩৬ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারের কাহিনি নিয়ে ‘ঢিশুম’ ছবিটি।
এতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও অক্ষয় খান্না। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ছবিটির মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটছে নির্মাতা ডেভিড ধাওয়ানের আরেক ছেলে রোহিত ধাওয়ানের। মিড ডে।