পাঞ্জাবি ছবি প্রযোজনায় প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

অভিনেত্রী থেকে প্রযোজক হিসেবে নাম লিখিয়েছিলেন ২০১৪ সালে। আঞ্চলিক ছবিগুলো প্রযোজনা করতে বলিউড-হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া তৈরি করেন তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’। ইতিমধ্যে প্রযোজনা করেছেন মারাঠি ও ভোজপুরি সিনেমা। এবার প্রযোজনা করলেন পাঞ্জাবি ছবি।
‘সারবান’ নামে পাঞ্জাবি ছবিটির সহপ্রযোজক হচ্ছেন আলোচিত এই অভিনেত্রী। ছবির প্রযোজক বাসু ভগনানির সঙ্গে প্রযোজনা করবেন তিনি। এ নিয়ে প্রিয়াঙ্কা বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যে আঞ্চলিক সিনেমা প্রযোজনায় ব্যাপক সাড়া পেয়েছেন। এই ছবির মাধ্যমে পাঞ্জাবি সিনেমা প্রযোজনায় অভিষেক ঘটবে তাঁর। প্রিয়াঙ্কা বলেন, বিশেষ এই ছবি তৈরিতে তাঁদের আছে একটি চমৎকার দল। তাঁরা ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বেশ আগ্রহী।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার এ প্রযোজনায় সহযোগিতার জন্যও বেশ উচ্ছ্বসিত প্রযোজক বাসু ভগনানি। তিনি বলেন, অনেক বছর পর তাঁরা একসঙ্গে কাজ করার একটি সুযোগ পেলেন। তাঁদের একই সঙ্গে পাঞ্জাবি সিনেমার প্রযোজক হিসেবে অভিষেক ঘটছে। তিনি আরও বলেন, ‘সারবান’ খুবই হৃদয়গ্রাহী একটি ছবি। ছবির প্রথম পর্যায়ের শুটিং কানাডায় করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের শুটিং হয়েছে চণ্ডীগড়ে।
ছবির গল্প একজন প্রবাসী ভারতীয়কে নিয়ে, যে তার শিকড় খুঁজতে ভারতে আসে। ছবিটি পরিচালনা করেছেন করন গুলাইনি। বলিউড হাঙ্গামা