পাপারাজ্জিদের জন্য শাহরুখের চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

আড়ি পাতা কিংবা ধাওয়া করে বিব্রতকর ছবি তোলা পাপারাজ্জিদের কারণে তারকাদের যারপরনাই অস্বস্তিতেই পড়তে হয়। লেডি ডায়ানার মৃত্যুর দায়ভারও অনেকে পাপারাজ্জিদের ওপরেই চাপান। আর হেনস্তা হওয়ার কারণে পাপারাজ্জিদের পছন্দ করেন এমন তারকা খুঁজে পাওয়া কঠিন। কিন্তু দিনকয়েক আগে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ঠিক এ কাজটিই করেছেন। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার ছবির বিশেষ প্রদর্শনীতে আলোকচিত্রী এমনকি তাঁদের পরিবারের সদস্যদেরও ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন কিং খান। পরিবার-পরিজন নিয়ে ছবিটির বিশেষ প্রদর্শনী দেখার এমন সুযোগ পেয়ে বেশ অবাকই হয়েছেন আলোকচিত্রীরা। অবশ্য শাহরুখের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁর গলায় মালা পরিয়ে দিয়ে অভিনন্দনই জানিয়েছেন পাপারাজ্জিরা।
|বলিউডের তারকা ও আলোকচিত্রীদের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়। গত জুন মাসে একটি অনুষ্ঠানে ছবি তোলার কথা ছিল ‘আশিকি ২’ তারকা শ্রদ্ধা কাপুরের। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অনুষ্ঠানস্থলে হাজির হয়ে তিনি ছবি তুলবেন না বলে জানান। অযথা এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখার জন্য শ্রদ্ধাকে বয়কট করার হুমকি দেন আলোকচিত্রীরা। তাঁরা সাফ জানিয়ে দেন, কোনো অনুষ্ঠানেই আর শ্রদ্ধার ছবি তুলবেন না তাঁরা। পরে অবশ্য আলোকচিত্রীদের ডেকে নিজের ভুল স্বীকার করেন শ্রদ্ধা। 

এক মাসের মাথায় আলোকচিত্রীদের তোপের মুখে পড়েন ‘দাবাং’ তারকা সালমান খান। একটি ছবির প্রচারণা অনুষ্ঠানে সালমানের দেহরক্ষীরা কয়েকজন আলোকচিত্রীর গায়ে হাত তুললে প্রচণ্ড খেপে যান তাঁরা। পরে ফটোগ্রাফার্স ইউনিয়ন সালমানকে বয়কট করে। অবশ্য এ ক্ষেত্রে শ্রদ্ধার মতো নমনীয় হননি সালমান। তাঁকে বয়কট করার পর তিনি বলেন, ‘আমি কখনোই আমার ছবি তুলতে তাঁদের বাধা দিইনি। তাঁরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি একে সাধুবাদ জানাই। যদি তাঁদের আমার কাছে আসতে হয় এবং ছবি তুলতে হয়, তবে অবশ্যই সম্মানের সঙ্গে তা করতে হবে।’
বলিউডের তারকাদের আগ্রাসী আচরণ ও প্রচুর সময় নষ্ট করানোর জন্য আলোকচিত্রীরা তাঁদের বিরুদ্ধে অবস্থান নিলেও সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পেয়ে যারপরনাই বিস্মিত হন আলোকচিত্রীরা। তাঁরা শাহরুখের আমন্ত্রণে সাড়া দিয়ে বাবা-মা, স্ত্রী-সন্তান নিয়ে জুহুর একটি মাল্টিপ্লেক্সে হাজির হন। হ্যাপি নিউ ইয়ার ছবি দেখার পাশাপাশি আলোকচিত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে অনেক ছবিও তোলেন শাহরুখ।
আলোকচিত্রীদের এভাবে ভালোবাসা দেওয়ার প্রতিদানে খালি হাতে ফিরতে হয়নি কিং খানকে। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা ও কৃতজ্ঞতা ছাড়াও তিনি পেয়েছেন অভিনন্দন। শাহরুখের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য ছয় হাজার রুপি খরচ করে মালা তৈরি করে নিয়ে গিয়েছিলেন আলোকচিত্রীরা। শাহরুখের গলায় সেই মালা পরিয়ে দিয়ে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
তোপের মুখে নমনীয় শ্রদ্ধা