পিকে পোস্টার নিয়ে রসিক শাহরুখ

পিকে পোস্টার নিয়ে ভালো বিপদে পড়েছেন আমির। এবার রসিকতা করে হলেও তাঁর কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন শাহরুখ খান। ‘আমরাও এবার নিরাবরণ শরীরের পোস্টার বের করতে যাচ্ছি।’ সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেইলারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন সরস মন্তব্য করেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান।
‘পিকে’ ছবির পোস্টারে নগ্ন আমির খানকে দেখা যাওয়ার পর থেকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে বলিউডে। সম্প্রতি শাহরুখ অভিনীত পরবর্তী ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে আমির খানের পোস্টার সম্পর্কে মন্তব্য করতে বললে মজা করে এমন মন্তব্য করেন শাহরুখ। পোস্টার নিয়ে রসিকতা করলেও শাহরুখ বলেন, ‘আমি তুলনায় বিশ্বাসী নই। তাঁদের পোস্টার তাঁদের, আর আমাদের পোস্টার আমাদের। তাঁদের ছবি তাঁদের, আর আমাদের ছবি আমাদের।’
শাহরুখ আরও বলেন, ‘তুলনা যদি করতেই হয় তবে কারও শেষ কাজের সঙ্গে বর্তমান কাজের তুলনা হওয়া উচিত। প্রতিযোগিতা নিজের মধ্যেই রাখা উচিত। অন্য কারও সঙ্গে প্রতিযোগিতায় মাতলে কাজের কাজ কিছুই হয় না। এটা তারাই করে যারা নিজেদের ওপর আস্থা রাখতে পারে না। ‘‘পিকে’’, ‘‘কিক’’সহ সব ছবির জন্যই আমার শুভকামনা রয়েছে। কারণ চলচ্চিত্র আমাদের বিনোদন দেয়, আনন্দের খোরাক জোগায়। ইনশাআল্লাহ, আমাদের ছবিও অন্যান্য ছবির সঙ্গে সমান তালে দর্শকদের আনন্দ ও বিনোদন দেবে।’
শাহরুখ খানের অ্যাকশন-কমেডি ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাচ্ছে এবারের দিওয়ালি উত্সবকে সামনে রেখে। ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে ২৪ অক্টোবর। ছবি নিয়ে দারুণ আশাবাদী শাহরুখ খান। সম্প্রতি তিনি সে কথাই জানিয়েছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও হাজির হন বলিউডের একঝাঁক তারকা। অনুষ্ঠানে ছবিটির গান শোনানো হয়।
রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এবং শাহরুখপত্নী গৌরী খান প্রযোজিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি পরিচালনা করেছেন ফারাহ খান। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, ভিভান শাহ, জ্যাকি শ্রফ প্রমুখ।
ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং হয়েছে। শুটিং করতে গিয়ে গত জানুয়ারি মাসে মুম্বাইয়ের একটি হোটেলে আহতও হয়েছিলেন শাহরুখ খান। ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হলেও তামিল ও তেলেগু ভাষায়ও ছবিটি মুক্তি পাবে।