পিকে পোস্টারে এবার ট্রানজিস্টর নিয়ে আনুশকা

‘পিকে কে চুপ চুপ করে অনেক দেখেছেন। এবার আমি আসছি ... ট্রানজিস্টর পরে।’ সম্প্রতি এক টুইটার বার্তায় এভাবেই আমির খানের মতো ট্রানজিস্টর নিয়ে পিকে ছবির মোশন পোস্টারে হাজির হবেন বলে ঘোষণা দিয়েছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা।
পিকে ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। তিনি জানিয়েছেন, পিকে ছবির পরবর্তী মোশন পোস্টারে ট্রানজিস্টর পরা অবস্থায় দেখা যাবে তাঁকে। মোবাইল মেসেজ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে আগামীকাল ১৬ অক্টোবর মুক্তি পাবে পোস্টারটি। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।
প্রসঙ্গত, পিকে ছবির পোস্টারে ট্র্যানজিস্টরে আব্রু সামলে জন্মদিনের পোশাকে আমির খানের হাজির হওয়ার পরপরই তুমুল সমালোচনার ঝড় উঠেছিল বলিউডে। ইউটিউবে প্রকাশিত পিকে ছবির মোশন পোস্টারে আমির রেললাইনের ওপর দাঁড়িয়ে হাতে ধরে রেখেছেন পুরোনো দিনের ট্রানজিস্টর বা রেডিও সেট। আর সেটি আমিরের আব্রু রক্ষা করছে মাত্র। এ ধরনের পোস্টার প্রকাশ করায় আমিরসহ পিকে ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁদের বিরুদ্ধে মামলাও হয়।
পিকে ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকেও। পিকে মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর।