পিকের অশ্লীলতা নিয়ে বিপাকে আমির

‘থ্রি ইডিয়টস’ ছবির নির্মাতা রাজকুমার হিরানির পরবর্তী ‘পিকে’ ছবিতে ভিনগ্রহের অধিবাসী চরিত্রে দেখা যাবে মিস্টার ‘পারফেকশনিস্ট’ তারকা আমির খানকে। সদ্য প্রকাশিত ‘পিকে’ ছবির পোস্টারে নগ্ন অবস্থায় দেখা গেছে আমিরকে। এর পরিপ্রেক্ষিতে আমিরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী মনোজ কুমার। মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ আগস্ট।
এ প্রসঙ্গে আইনজীবী মনোজ কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছবির পোস্টারে আমির খানের নগ্ন রূপ দেখে আমি খুবই হতাশ হয়েছি। একটি পত্রিকায় আমিরের পোস্টারটি দেখে আমি হতভম্ব হয়ে যাই। কোটি কোটি মানুষ পত্রিকা পড়েন। তাঁদের মধ্যে শিশু এবং বয়স্ক মানুষও আছেন।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ছবির শুরুর দৃশ্যেই নগ্ন আমিরকে দেখা যাবে। দৃশ্যটিতে দেখা যাবে, ভিনগ্রহের অধিবাসী পিকে (আমির খান) পৃথিবীতে নেমে আসেন। তিনি নগ্ন অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেন। সেসময় তাঁর হাতে থাকে রেডিও সেট।
রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির নাম ভূমিকায় রয়েছেন আমির খান। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। ‘পিকে’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।