পিতৃত্বকালীন ছুটিতে সাইফ

সংসারে নতুন অতিথি—তৈমুর আলী খান পতৌদি। ছেলের আগমন উপলক্ষে আগেভাগেই কাজ থেকে ছুটি নিয়েছিলেন সাইফ আলী খান। হলিউড ছবি ‘শেফ’-এর বলিউড সংস্করণের কাজ করছিলেন। সন্তান জন্মের আগের মুহূর্তগুলোতে স্ত্রী কারিনার পাশে থাকবেন বলে ১২ ডিসেম্বরের পর আর শুটিং করেননি সাইফ। তাঁর এই পিতৃত্বকালীন ছুটি আরও দীর্ঘ হতে যাচ্ছে।
তৈমুর কারিনার প্রথম সন্তান হলেও সাইফের আগের সংসারে সারা ও ইব্রাহিম নামের আরও দুই সন্তান আছে। তবু কারিনার সন্তানের বাবা হওয়ার ব্যাপারটি নিশ্চয়ই আলাদা। তাই এ সময়টা অন্যভাবে উপভোগ করতে চেয়েছিলেন সাইফ। ২০১৭ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আর কোন কাজ করবেন না তিনি।
‘শেফ’ ছবির শুটিংয়ের মাত্র ২০ শতাংশ কাজ বাকি আছে বলে জানান ছবির পরিচালক রাজা কৃষ্ণ মেনন। বাকি অংশের কাজ হবে ভারতের বাইরে। সাইফের ছুটি শেষ হলেই দৃশ্য ধারণের কাজ শুরু করবেন তিনি। তার আগ পর্যন্ত ‘মিনি নবাব’ তৈমুর ও তাঁর মা কারিনাকেই সময় দেবেন সাইফ। গত ২০ ডিসেম্বর জন্ম নেয় সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পুত্র তৈমুর আলী খান পতৌদি। ইন্ডিয়ান এক্সপ্রেস।