পুনের হলে বাতিল হলো 'বাজিরাও-মাস্তানি'-র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজিরাও মাস্তানি চলচ্চিত্রের একটি দৃশ্য
বাজিরাও মাস্তানি চলচ্চিত্রের একটি দৃশ্য

বছরের অন্যতম বড় ছবি ‘বাজিরাও-মাস্তানি’-র ট্রেলার দেখানো শুরু হওয়ার পর থেকেই একের পর এক জটিলতার সম্মুখীন হয়ে আসছিল ছবিটি। আজ মুক্তির দিনেও বেধেছে এক ঝামেলা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই পুনের একটি সিনেমা হলে এই ছবিটির প্রদর্শনী বাতিল করা হয়েছে। বিজেপির যুব শাখার আন্দোলনের মুখে এটি বাতিল করা হয়।
বিজেপির যুব শাখার কমপক্ষে ২০০ কর্মী আজ সকালে পুনের সিটি প্রাইড নামের একটি সিনেমা হলে এই ছবি প্রদর্শনীর বিরুদ্ধে অবস্থান নেন। ইতিহাস বিকৃতির অভিযোগ আনা হয়েছে সঞ্জয়লীলা বনশালীর এই নতুন ছবির বিরুদ্ধে।
‘এই ছবিতে সতেরশ শতকে মারাঠা সৈন্য বাজিরাওকে ছোট করে দেখানো হয়েছে। এখানে তাঁর যুগের পুরো ইতিহাসকেই বিকৃত করা হয়েছে। মহারাষ্ট্রের জনতার কাছে পেশওয়া বাজিরাও পূজনীয়, তাই আমরা তাঁর এই অপমান মেনে নিতে পারবো না’, বলেন আন্দোলনের নেতৃত্বদানকারী জয়ন্ত ভাভে।
তাঁদের বক্তব্য, জনসমক্ষে নাচানাচি করার মতো এতো ফালতু সময় বাজিরাওয়ের ছিল না। তাছাড়া বাজিরাওয়ের স্ত্রীর ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে বাছাই করেও নাকি নির্দেশক বাজে রুচির পরিচয় দিয়েছেন ।
প্রসঙ্গত, এর আগে এই ছবির অভিনেতা রণবীর সিং এবং সঞ্জয়লীলা বনশালীর বিরুদ্ধে শুটিংয়ের সময় যথাযথ অনুমতি না নেওয়া এবং বাজে আচরণ করার অভিযোগ তোলা হয়েছিল। পুনের একজন আইনজীবী ১৬ অক্টোবর রণবীর ও বনশালীর বিরুদ্ধে এমন অভিযোগে একটি মামলা (এফআইআর) দায়ের করেছিলেন।
চলতি মাসের শুরুর দিকে আবার ‘ভারত অ্যাগেইনস্ট করাপশন’ নামের একটি এনজিওকর্মী হেমন্ত পাতিল আদালতে ‘বাজিরাও-মাস্তানি’ ছবির ‘পিংগা’ গানটির বিরুদ্ধে অভিযোগ আনেন। পিংগা প্রসঙ্গে হেমন্ত আদালতে অভিযোগ করেছিলেন যে, পেশওয়া বাজিরাওয়ের জীবনকাহিনির সঙ্গে এ গানের কোনোই সামঞ্জস্য নেই। হেমন্তর মতে, ‘পিংগা’ গানটি দিয়ে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। তাই আদালতের কাছে এ গানটি ‘বাজিরাও মাস্তানি’ ছবি থেকে ছেঁটে ফেলার আবেদন করেছেন তিনি।
সম্প্রতি, ছবি মুক্তির আগে এই ছবির ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোন ভারতের একটি প্রাচীন মন্দিরে এই ছবির সাফল্য কামনা করে পূজা দিয়ে এসেছেন। এখন দেখা যাক দীপিকার প্রার্থনার জোরে একের পর এক এতো অভিযোগ এবং মামলার ঝক্কি কাটিয়ে উঠতে পারে কিনা ‘বাজিরাও-মাস্তানি’। এনডিটিভি