পুরস্কার না পেলেও ক্ষতি নেই
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আলিয়া ভাটের দুর্দান্ত অভিনয় দেখে অনেকেই আশা করেছিলেন, এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলবেন এই শিল্পী। কিন্তু ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান এ বছর অর্জন করেছেন সোনম কাপুর। ‘নিরজা’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। আলিয়ার ভক্তদের অনেকেরই তাই মন খারাপ। পুরস্কার না পেয়ে কোথায় আলিয়া মন খারাপ করবেন তা না, উল্টো ভক্তদের সান্ত্বনা দিতে হচ্ছে তাঁকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আলিয়ার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি তিনি না পাওয়ায় অনেকে আফসোসও করতে থাকেন সেসময়। তাঁদের উদ্দেশে আলিয়া বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়াতে আমার মন একটুও খারাপ হয়নি। কাজেই আপনারাও মন খারাপ করবেন না। আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। পুরস্কার পাওয়ার অনেক সময় আছে।’
এই মন্তব্যটি করে প্রকৃত শিল্পীর পরিচয় দিলেন আলিয়া। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে না উঠলেও এ বছরের ফিল্মফেয়ার, স্ক্রিন ও জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হয়েছেন এই তারকা। ফিল্মিবিট