পুরস্কারের পরোয়া করেন না ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

একজন প্রকৃত অভিনেতা পুরস্কারের পিছনে না ছুটে নিজের কাজ নিয়ে মেতে থাকবেন এটাই তো স্বাভাবিক। বলিউড অভিনেতা ইরফান খানও তেমন। পুরস্কারের জন্য কাজ করেন না তিনি। সিনেমার জন্য যে পুরস্কারগুলো দেওয়া হয়, সেগুলোর প্রতি একেবারেই আকর্ষণ নেই এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকার।
ইরফানের কাছে পদ্মশ্রীর মতো মর্যাদাপূর্ণ পুরস্কারই শুধু গুরুত্বপূর্ণ। এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তাঁর কাছ দামী নয়। কারণ তাঁর ধারণা, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো ভীষণ পক্ষপাতদুষ্ট।
ইরফানের ভাষায়, ‘কিছু পুরস্কার ও স্বীকৃতি আমার কাছে গুরুত্ব বহন করে। এই যেমন, পদ্মশ্রী পুরস্কার। তবে চলচ্চিত্রের জন্য অন্য যে পুরস্কারগুলো দেওয়া হয় আমি সেগুলোর দাম দেই না। কারণ, পুরস্কার কর্তৃপক্ষ কেবল তাঁদের স্বার্থের জন্যই পুরস্কার দেয়। এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আমাকে তখনই দেওয়া হয়েছে যখন আমাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না।’
দিন কয়েক আগে আরেক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও বলেছিলেন, পুরস্কার তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাঁর কাছে কেবল সুন্দর জামা কাপড় পরে সবার সঙ্গে সাক্ষাতের একটি উপলক্ষ মাত্র। ইয়াহু নিউজ।