পুরস্কারের মঞ্চে বাসচালক বন্ধুকে স্মরণ করলেন রজনীকান্ত
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন দক্ষিণের অভিনেতা রজনীকান্ত। দেশটির উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় মিলনায়তনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এই অভিনেতাকে শ্রদ্ধা জানান।
আজ সোমবার দেওয়া হলো ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে মনোজ বাজপেয়ী, ধানুশ ও কঙ্গনা রনৌত সেরা অভিনয়শিল্পীর পুরস্কার গ্রহণ করেন। প্রিয়দর্শনের মালয়ালম মহাকাব্যিক ছবি ‘মারাক্কর: লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি’ সেরা পূর্ণদৈর্ঘ্য ছবি ও সেরা হিন্দি ছবির পুরস্কার গ্রহণ করেছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিচোরে’ ছবির পরিচালক। ২০১৯ সালের চলচ্চিত্রের জন্য ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয় চলতি বছরের মার্চ মাসে। মহামারির কারণে পুরস্কারের অনুষ্ঠানটি স্থগিত হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্তের স্ত্রী লাথা ও জামাই ধানুশ, যিনি ‘আশুরান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। দাদাসাহেব ফালকে পুরস্কারের প্রতিক্রিয়া জানাতে এসে জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তিনি বলেন, ‘কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করছি আমার গুরু কে বালচন্দর স্যারকে এবং এই পুরস্কার তাঁর নামে উৎসর্গ করছি। স্মরণ করছি আমার বড় ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়কে, যিনি আমার বাবার মতো, যিনি আমাকে মূল্যবোধ শিখিয়েছেন, আর আমার মধ্যে আধ্যাত্মিকতার বীজ বুনে দিয়েছেন।’
রজনীকান্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁর পুরোনো বন্ধু ও এখনকার সহকর্মীদের। তিনি বলেন, ‘আমার কর্ণাটকের বাসচালক বন্ধু রাজ বাহাদুর। আমি যখন বাসের কন্ডাক্টর ছিলাম, সে প্রথম আমার অভিনয় প্রতিভা ধরতে পেরেছিল এবং আমাকে সিনেমায় আসার জন্য উত্সাহ দিয়েছিল। আমি স্মরণ করছি আমার সব প্রযোজক, পরিচালক, কলাকুশলীকে, যাঁরা আমার সঙ্গে কাজ করে আসছেন। সহশিল্পী, পরিবেশক, সব চলচ্চিত্রকর্মী, মিডিয়া, প্রেস এবং আমার সব ভক্তকে। বিশেষ করে তামিল জনগণকে ধন্যবাদ জানাই। কারণ, তারা ছাড়া আমি কেউ নই। আমাকে এই জীবন উপহার দেওয়ার জন্য আমি তামিল জনগণকে ধন্যবাদ জানাই।’
এর আগে ২০১৮ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রের এই বিস্ময়কে ব্যাখ্যা করার জন্য অভিধানে তেমন অভিব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। সূচনালগ্ন থেকে উত্থানপর্ব পর্যন্ত যা কিছু তিনি নিজে অর্জন করেছেন, সেসব অসাধারণের চেয়ে বেশি কিছু।’ সংগীতজ্ঞ এ আর রহমান বলেন, ‘রজনী স্যারের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে তাঁর রূপান্তর। তাঁকে চেনাই যায় না। মেকআপ করে ক্যামেরার সামনে এলেই ভোজবাজির মতো তিনি বদলে যান।’