পুলিশ রানিকে কী বললেন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢিসুম-ঢাসুম সব নায়কই করবে? নায়িকা শুধু বালিশে মুখ গুঁজে কাঁদবে আর বৃষ্টিভেজা এক-দুটো দৃশ্যে হাজির হবে? বলিউডে সেই দিন আর নেই। নারী চরিত্রকে প্রধান করে ছবি বানানোর যে চল শুরু হয়েছে, বিদ্যা-কঙ্গনার পর এবার তাতে হাজির হলেন রানি মুখার্জিও। নতুন ছবি মারদানির জন্য এরই মধ্যে প্রশংসার বৃষ্টিতে ভিজতে শুরু করেছেন রানি।
তবে কদিন আগে একেবারে অপ্রত্যাশিত প্রশংসা পেয়েছেন। মুম্বাইতে এক ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি আটকায়। রানি ভেবেছিলেন হয়তো কাগজপত্র চাইবে। কিন্তু অবাক করে দিয়ে সেই পুলিশটি বলেন, রানির নতুন ছবির ট্রেলার তাঁর ভীষণ পছন্দ হয়েছে!
ছবিতে রানি মুম্বাইয়ের অপরাধ বিভাগের পুলিশ শিবানি শিবাজি রায়ের ভূমিকায় অভিনয় করেছেন। নারী অপহরণ, পাচার ও নারী নির্যাতন নিয়ে বানানো ছবিটি মুক্তি পাবে ২২ আগস্ট। টিএনএন।