পূজা হেজ কেন মহেঞ্জোদারো'তে

আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘মহেঞ্জোদারো’-তে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন নবাগত পূজা হেজ। এত বড় বাজেটের ছবিতে পরিচালক কোন তারকা অভিনেত্রীকে না নিয়ে কী মনে করে পূজাকে নিলেন? এই প্রশ্নের জবাবে আশুতোষ বললেন, ‘এই ছবির চিত্রনাট্য লেখার সময়ই আমি নায়িকার চরিত্রে এমন একজনকে কল্পনা করেছিলাম যাঁর চেহারায় আছে লাবণ্য ও ব্যক্তিত্ব। আবার একই সঙ্গে সেই চেহারায় সরলতাও খুঁজছিলাম। দর্শকের কাছে পরিচিত নয় এমন একটি মুখ চাইছিলাম এই চরিত্রের জন্য।’
আশুতোষ আরও জানান, এই চরিত্রের জন্য তাঁর স্ত্রী সুনীতাই নাকি খুঁজে বের করেছেন পূজাকে। একটি টিভি বিজ্ঞাপনে পূজাকে দেখে চোখ আটকে যায় তাঁর। এরপর ‘মহেঞ্জোদারো’-র নায়িকা হিসেবে স্বামীর কাছে পূজার নাম প্রস্তাব করেন তিনি। আশুতোষও তাঁর সঙ্গে একমত হন। পূজাকে এরপর অডিশনে ডাকা হয়।
অডিশনে পূজা বেশ ভালোভাবেই উতরে যান। পরিচালকের মতে, এই ছবির চানি চরিত্রটি পর্দায় খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন পূজা। ১২ আগস্ট এটি মুক্তি পাওয়ার কথা। ‘মহেঞ্জোদারো’ যৌথভাবে প্রযোজনা করেছেন সুনিতা গোয়ারিকর ও সিদ্ধার্থ রায় কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেস।