প্যারিসে সোহা-কুনালের বাগদান সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনাল খেমুর সঙ্গে সোহা আলী খান
কুনাল খেমুর সঙ্গে সোহা আলী খান

শেষ পর্যন্ত বাগদানপর্ব সারলেন বলিউডের দুই তারকা সোহা আলী খান ও কুনাল খেমু। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল বৃহস্পতিবার বাগদান সম্পন্ন করেছেন তাঁরা। এক টুইটার বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সোহা নিজেই।এ প্রসঙ্গে সোহা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘প্যারিসে ছুটি কাটাতে গিয়ে কুনাল আমাকে বিয়ের প্রস্তাব দেয়, যা আমার কাছে ছিল বড় একটা সারপ্রাইজ। প্যারিসে সুন্দর এক বিকেলে কুনাল অসাধারণ একটি আংটি পরিয়ে দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সঙ্গে সঙ্গে আমি “হ্যাঁ” বলে দিই।’ 
সোহা ও কুনাল দুজনই চলচ্চিত্র পরিবারের সন্তান। বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা। পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা-প্রযোজক সাইফ আলী খান সোহার বড় ভাই। অন্যদিকে কুনালের বাবা চলচ্চিত্র অভিনেতা রবি খেমু। দীর্ঘদিন ধরে সোহার সঙ্গে কুনালের ভালোবাসা ছিল। দুই পরিবারই জানত সে কথা। তবুও বিয়ের ব্যাপারে এত দিনে উদ্যোগী হয়নি দুই পরিবার। সোহার ভাই সাইফ আলী খানও চেয়েছিলেন কুনাল ও সোহার বিয়ে হয়ে যাক। অবশেষে ২৪ জুলাই প্যারিসে বাগদানপর্ব সারেন সোহা ও কুনাল।
২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘৯৯’ ছবিতে কুনাল ও সোহা একসঙ্গে কাজ করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে চুটিয়ে প্রেম করছিলেন তাঁরা। অবশেষে গতকাল বৃহস্পতিবার বাগদানের মধ্য দিয়ে বিয়ে করে থিতু হওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন কুনাল ও সোহা। কবে তাঁদের বিয়ের ঘণ্টা বাজে—সেটাই এখন দেখার বিষয়।