প্যারিসের জন্য প্রার্থনা

শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় একই সময়ে পরিচালিত সশস্ত্র হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। উপর্যুপরি গুলি, বোমা ও আত্মঘাতী হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫২ জন। ভয়াবহ এ ঘটনায় স্তম্ভিত, শোকে মুহ্যমান বিশ্ব। বলিউডের তারকারা এই ভয়াবহ নৃশংস বিষয়টি নিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি প্রতিবাদ ও শোক প্রকাশ করেছেন খুদে ব্লগসাইট টুইটারে।
শাবানা আজমি, জাভেদ আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, অক্ষয় কুমার সহ আরও অনেক তারকা শিল্পীরা টুইটারে তাঁদের শোক, প্রতিবাদ ও সমবেদনা জানিয়েছেন।
জাভেদ আখতার তাঁর টুইটে লিখেছেন, পৃথিবীর কোনো ভাষার অভিধানেই এমন কোনো শক্তিশালী শব্দ নেই যা দিয়ে প্যারিসে ঘটা এই নৃশংস, বর্বরতম, ঘৃণ্য ও কুৎসিত হত্যাকাণ্ডকে ধিক্কার জানানো সম্ভব।
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর টুইটে লিখেছেন, তিনি খুবই বিমর্ষ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্ণনা করার কোনো শব্দ খুঁজে পাচ্ছেন না তিনি... এই বর্বরতার উদ্দেশ্য বুঝতে পারছেন না...। হ্যাশট্যাগে লিখেছেন প্যারিসের জন্য প্রার্থনা। জানিয়েছেন তাঁর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে।
টুইটারে ফারহান আখতার গভীর সমবেদনা জানিয়েছেন নৃশংস ও বর্বর এই হামলায় নিহত ও আহতদের জন্য; তাঁদের পরিবারের জন্য। শাবানা আজমি লিখেছেন, প্যারিসের ঘটা এই ভয়াবহ খবর ও বর্বরতায় তাঁর হৃদয় ডুবে গেছে। এই নৃশংসতার কবে শেষ, এ নিয়ে তিনি রীতিমতো শঙ্কা প্রকাশ করেছেন।
অনুপম খের লিখেছেন, প্যারিসের এই হামলা ভয়াবহ। দুঃখজনক।
সোনাক্ষী সিনহা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন, আমরা যদি নিয়মিত প্রার্থনা আর শান্তির জন্য কাজ করতাম; হয়তো তাহলে আমাদের আজ এমন দিন দেখতে হতো না। দুঃখজনক। সোনাক্ষী তাঁর টুইটে হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘প্রে ফর প্যারিস’, ‘প্রে ফর লেবানন’ ও ‘প্রে ফর বাগদাদ’।
আলিয়া ভাট লিখেছেন, এই বর্বর নৃশংসতা সকল মানবতার ওপরেই এক ভয়াবহ আক্রমণ। সত্যিই এই পৃথিবীর শান্তির জন্য প্রার্থনা করছি।
আনুশকা শর্মা লিখেছেন, তিনি প্যারিসে এই নৃশংস হামলার খবরে ঘুম থেকে জেগেছেন। প্যারিসবাসী যেন এই কাপুরুষোচিত হামলার বিষয়টির মোকাবিলায় আরও শক্তি পান এর জন্য তিনি প্রার্থনা করছেন।
হৃতিক রোশন লিখেছেন, প্যারিসে নিরপরাধের বিরুদ্ধে এই কাপুরুষোচিত বর্বর হামলায় তিনি শোকে মুহ্যমান।
এ বছরের ৭ জানুয়ারি প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো কার্যালয়ে জঙ্গি হামলায় ১১ জন নিহত হন। আর শুক্রবারের এই নৃশংস ঘটনাটিকে বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলা। চলতি শতাব্দীতে ইউরোপে এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী হামলা। এর আগে ২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ১৯১ জন।
এদিকে, প্যারিসে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
হামলার ঘটনার পর প্যারিসে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। অপরাধীদের পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সব সীমান্তও বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া, ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
প্যারিসে এই সশস্ত্র হামলায় নিহতদের শোকে মুহ্যমান বিশ্বের বিভিন্ন অংশের সাধারণ মানুষও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের ক্ষোভ, প্রতিবাদ ও শোকজ্ঞাপন করে চলেছেন।