প্রকাশ ঝার সিনেমায় কে?
লিপস্টিক আন্ডার মাই বোরকা ছবির মুক্তি নিয়ে কম ভোগেননি প্রকাশ ঝা। অবশেষে ছবিটির সাফল্যে তাঁর মেজাজ এখন ফুরফুরে; তাই মন দিয়েছেন পরবর্তী ছবিতে। দুটি ছবি নিয়ে কাজ শুরু করেছেন তিনি। দুটিই সিক্যুয়েল—রাজনীতি ২ ও জয় গঙ্গাজল ২। ছবি দুটিতে কে থাকছেন? রাজনীতির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, না জয় গঙ্গাজল ছবির প্রিয়াঙ্কা চোপড়া?

ইতিমধ্যে দুটি ছবির পাণ্ডুলিপি নিয়ে প্রকাশের দল কাজ শুরু করেছে। যে ছবির পাণ্ডুলিপির কাজ আগে হবে, সেটিই আগে নির্মিত হবে। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে রাজনীতির সিক্যুয়েল রাজনীতি ২-তেও। বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছিল ছবিটি। তবে প্রকাশ নাকি সিক্যুয়েলে একদম নতুন কিছু অভিনয়শিল্পী নিচ্ছেন। কারণ, রাজনীতির প্রায় সব চরিত্রই ছবিতে মারা যায়। সিক্যুয়েলে আগের ছবির অভিনয়শিল্পী একমাত্র নানা পাটেকর থাকতে পারেন—এমন কথাও শোনা যাচ্ছে। সুতরাং ক্যাটরিনার অভিনয় করা নিয়েও থেকে যাচ্ছে ধোঁয়াশা।

অন্যদিকে জয় গঙ্গাজল ছবির সিক্যুয়েলের কাজও চলছে সমানতালে। সেখানে আগের মতোই দেখা যাবে অজয় দেবগনকে এসপি অমিত কুমারের ভূমিকায়। আইপিএস আভা মাথুরের চরিত্রে প্রিয়াঙ্কাকেও আবার নিয়ে আসতে পারেন প্রকাশ। আবার অনেকে মনে করছেন, রাজনীতিতে ক্যাটরিনা না থাকলে তাঁকে এই ছবিতেও নেওয়া হতে পারে। তখন হয়তো প্রিয়াঙ্কা আর ছবিতে থাকবেন না। তবে শেষ পর্যন্ত কী হবে, তা প্রকাশই ভালো জানেন। তিনি আপাতত মুখে কুলুপ এঁটেছেন। সূত্র: বলিউড হাঙ্গামা।