প্রকাশ্যে নুসরাত-যশের প্রেম?
বছরের শুরু থেকে কানাঘুষা, প্রেম করছেন তাঁরা। ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেতা যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান। যদিও তাঁরা স্বীকার করেন না, তবে তাঁদের আকার-ইঙ্গিতে বিষয়টি অনেকটাই স্পষ্ট। নেট ভুবনে প্রতিনিয়ত ছবি শেয়ার করেন যশ ও নুসরাত। সেসব ছবিতে ভক্তরা লাইক, কমেন্ট করেন। তবে তাঁরা একে অপরের ছবিতে কখনো মন্তব্য করেননি এত দিন খুব বেশি। করলেন এবার। গতকাল, ১৪ জুলাই।
বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন যশ। ক্যাপশনে লেখেন, ‘সবচেয়ে বড় জ্ঞান হলো এটা জানা যে তুমি কিছু জানো না।’ যশের এই ছবিতে কমেন্ট করেছেন নুসরাত জাহান। লিখেছেন, ‘তোমার সঙ্গে শতভাগ একমত।’ এরপর নুসরাতকে রিপ্লাই দিয়ে যশ লেখেন, ‘আমাকে বলো।’
তাঁর মন্তব্যের পাশে হাসির চিহ্ন দিলেন অভিনেতা। তাঁদের এই কথোপকথন মুহূর্তেই ট্রলের মুখে পড়ে। নেটিজেনরা রিপ্লাইয়ে গিয়ে যাচ্ছেতাই মন্তব্য করতে থাকেন।
এক বেরসিক ভক্ত তো এমনও লিখেছেন, ‘আপনাদের ব্যাপারে আমরা কিন্তু সব জানি!’ যেন যশের লেখার পরিপ্রেক্ষিতেই এ উত্তর। কেউ কেউ আবার এক কদম এগিয়ে, শিল্পীদ্বয়কে বললেন ‘নির্লজ্জ’। আগে নুসরাত আর যশ ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেছেন। যখন নুসরাত আর যশের প্রেম নিয়ে সমালোচনা চলছে, তখনই নিজেদের একটি রোমান্টিক ছবি পোস্ট করে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘লোকে তো কথা বলবেই।’
ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নির্বাচিত সদস্য নুসরাত জাহান।
বেশ কয়েক মাস হলো স্বামীর ঘর ছেড়ে মা-বাবার সঙ্গে থাকছেন নুসরাত। নিখিলের সঙ্গে সর্বশেষ পোস্ট দিয়েছেন গত বছরের ৬ মে। এরপর ইনস্টাগ্রামে জীবনসঙ্গীকে নিয়ে আর কোনো পোস্ট দেননি; বরং নুসরাত আর নিখিল দুজনই দুজনকে ‘আনফলো’ করে দিয়েছেন।
সে সময় থেকেই কলকাতার গণমাধ্যমগুলোতে খবর, নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। তাঁর প্রেমিক আর কেউ নন, যশ দাশগুপ্ত। ২০২০ সালের জুলাইয়ে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর যশের সঙ্গে নুসরাতকে ঘুরে বেড়াতে দেখা গেছে । কিছুদিন আগেই রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। এখন আর এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো লুকোছাপা করছেন না।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের কাপলাঙ্কায়া রিসোর্টে বিয়ে করেছিলেন নুসরাত জাহান ও নিখিল জৈন। কলকাতার ছেলে নিখিল পেশায় ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী। তবে চলচ্চিত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ২০১৮ সালে পূজায় নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন নুসরাত জাহান। এই কাজের সূত্রেই তাঁদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক গাঢ় হয়। এরপর তাঁরা দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। সেসব এখন ইতিহাস। নুসরাত নিজেই বলেছেন, তাঁদের বিয়ে হয়নি।
শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। তাঁর বেবি বাম্পের ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সেই সন্তানের পিতা কে, এখনো প্রকাশ করেননি নুসরাত। অনেকে ধারণা করে এমনটাও বলছেন, সন্তানটির বাবা নুসরাতের বর্তমান প্রেমিক যশ। এ জন্য তাঁকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন যশ।