প্রতারক শিল্পা?

শিল্পা শেঠির নামে করা হয়েছে প্রতারণার মামলা। তাঁর সঙ্গে আরও মামলার ঝামেলায় পড়েছেন শিল্পার স্বামী রিপুসূদন কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রা ও তাঁদের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সংস্থাটি। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
২১ মার্চ কলকাতার শেক্সপিয়ার থানায় শিল্পার বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে বলা হয়, মুম্বাইয়ে শিল্পার ‘এসেনশিয়াল স্পোর্টস অ্যান্ড প্রাইভেট লিমিটেড’ নামের সংস্থার সঙ্গে কলকাতার ‘এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর এক চুক্তি হয়। সেই চুক্তির পরিপ্রেক্ষিতেই শিল্পার সংস্থা কলকাতার ওই প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতি করেছে।
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মুরলীধর শর্মা গত রোববার সাংবাদিকদের জানান, কয়েকটি বিশেষ ধারায় মামলার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষে শেক্সপিয়ার থানায় মামলা করেন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা দেবাশীষ গুহ। এদিকে শিল্পা তাঁর বিরুদ্ধে আনা এই প্রতারণার অভিযোগকে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন। টুইটারে জানিয়েছেন, এ অভিযোগ ভিত্তিহীন। আইনি লড়াইয়ে নামবেন তিনিও।