প্রতারণা মামলার তদন্তে উঠে এল শ্রদ্ধা, শিল্পার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর আর শিল্পা শেঠি
কোলাজ

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির প্রতারণার মামলার সঙ্গে আরও দুই নায়িকার নাম জড়াল। এ ছাড়া এই প্রতারকের সঙ্গে এক বলিউড নায়কেরও সম্পর্কের কথা উঠে এসেছে।
২০০ কোটি প্রতারণার মামলার রহস্য ক্রমেই জটিল হচ্ছে। এ মামলার সঙ্গে এত দিন বলিউড দুই নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ আর নোরা ফতেহির নাম বার বার উঠে এসেছে। এবার নতুন করে উঠে এসেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আর শিল্পা শেঠির নাম। সুকেশ চন্দ্রশেখর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে শ্রদ্ধা আর শিল্পার সঙ্গে তাঁর যোগাযোগের কথা স্বীকার করেছেন। ২০১৫ সাল থেকে শ্রদ্ধাকে তিনি চেনেন বলে জানিয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মাদককাণ্ড মামলায় শ্রদ্ধার নাম উঠে এসেছিল
ইনস্টাগ্রাম

এর আগে সুশান্ত সিং রাজপুতের মাদককাণ্ড মামলায় শ্রদ্ধার নাম উঠে এসেছিল। আর এ সময় তাঁকে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছিল। তখন সুকেশ শ্রদ্ধাকে সাহায্য করেছেন বলে দাবি করেছেন। এই প্রতারক ইডির কাছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নামও নিয়েছেন। এমনকি সুকেশ দাবি করেছেন, শিল্পা তাঁর বন্ধু। আর পর্নোগ্রাফি মামলার সময় শিল্পা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে সুকেশ জানিয়েছেন।

শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

সুকেশ ইডিকে বলেছেন, বলিউড অভিনেতা হরমন বাওয়েজা তাঁর ভালো বন্ধু। আর হরমনের ছবি ‘ক্যাপ্টেন’-এর সহপ্রযোজনা করতে চেয়েছিলেন সুকেশ। এই ছবির মূল চরিত্রে আছেন বলিউড নায়ক কার্তিক আরিয়ান।

জ্যাকুলিন ফার্নান্দেজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শ্রদ্ধা, শিল্পা আর হরমনের নাম এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন ইডির নজর এই তিন তারকার দিকে। ইতিমধ্যে ফাঁস হয়েছে যে জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছেন সুকেশ। সুকেশ আর জ্যাকুলিনের এক অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নোরা ফতেহি ইডিকে জানিয়েছেন, সুকেশ তাঁকে একটি দামি গাড়ি উপহার হিসেবে দিয়েছেন। এখন দেখা যাক, ইডির তদন্তে আর কার কার নাম উঠে আসে।