প্রত্যাবর্তনের অপেক্ষায় রানী

বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে শেষবার দেখা গিয়েছিল ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে। মা হওয়ার পর অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। এখন আবার প্রত্যাবর্তনের আওয়াজ দিয়েছেন তিনি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার অপেক্ষায় আছেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী।
একটি সূত্র জানায়, ‘উই আর ফ্যামিলি’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা তাঁর নতুন ছবির চিত্রনাট্য প্রযোজক আদিত্য চোপড়াকে পড়তে দিয়েছিলেন। চিত্রনাট্যটি বেশ মনে ধরেছে আদির। যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণের সিদ্ধান্তও নিয়েছেন এই প্রযোজক। শোনা যাচ্ছে, এই ছবিতে স্ত্রী রানি মুখার্জিকে একটি চরিত্রে রাখতে চান নির্মাতা ও প্রযোজক আদিত্য।
তবে রানির একজন মুখপাত্র জানিয়েছেন, এই ছবির মাধ্যমেই রানির প্রত্যাবর্তন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এই অভিনেত্রীর হাতে এখন বেশ কয়েকটি ছবির চিত্রনাট্য রয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে ছবির বিষয়ে আলাপও হয়েছে তাঁর। আশা করা যাচ্ছে, ২০১৭ সালে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন রানি।
উল্লেখ্য, রানির প্রথম সন্তান আদিরার জন্মের এক বছর পূর্ণ হবে ৯ ডিসেম্বর। আর সেদিনই মুক্তি পাবে আদিত্য চোপড়া পরিচালিত ছবি ‘বেফিকর’। ফিল্মফেয়ার।